রাত ১২টা পেরিয়ে গেছে। রাজধানীর শাহবাগ থানার চানখার পুলের ব্যস্ত সড়কের মাঝেই কখনো বসে, কখনো গড়াগড়ি দিয়ে অবস্থান করতে দেখা যায় এক ভবঘুরে নারীকে।
আপন মনে তিনি নানা ধরনের শব্দও করছেন। সড়কে একের পর এক চলাচল করা যানবাহনে যেন তার কোনো ভ্রক্ষেপই নেই।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনের ব্যস্ত সড়ক এমন দৃশ্য দেখা যায়।
ভারী যানবাহন পাশ দিয়ে যাওয়ার সময়ও ওই ভবঘুরে নারীকে সড়কের মাঝে শুয়ে গড়াগড়ি দিতে দেখা যায়। ঘটনাস্থল থেকে পুরান ঢাকায় বসবাসকারী শিশির নামের এক যুবক বিষয়টি জানায়।প্রায় দীর্ঘ সময় ধরে সড়কের মাঝখানে অবস্থান করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কোনো চালক সামান্য নিয়ন্ত্রণ হারালেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছেন শিশিরসহ পথচারীরা।
আশেপাশে অবস্থানকারী সবাই বলছেন তিনি একজন ভবঘুরে ভাসমান নারী, কিন্তু তার নাম কেউ বলতে পারছেন না।
ঘটনাস্থলের কাছেই রয়েছে শহীদুল্লাহ হলের সামনে বাবুপুরা পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও ওই নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ কাউকে দেখা যায়নি।
একজন ভবঘুরে অসহায় মানুষ ব্যস্ত সড়কের মাঝখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও তাকে নিরাপদে সরিয়ে নেওয়া বা প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দায়িত্বটি কার, এমন প্রশ্নই করছেন উপস্থিত জনতা।