বেরিং সাগরে ভাই ও কাজিনের মরদেহ আঁকড়ে ৬২ ঘণ্টা পর জীবিত উদ্ধার কিশোর

আলাস্কার বরফশীতল বেরিং সাগরে নৌকাডুবির পর দীর্ঘ ৬২ ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে ১৫ বছর বয়সী এক কিশোর। তবে এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার বড় ভাই ও কাজিন। উদ্ধারের আগ পর্যন্ত সাগরের বুকে তাদের নিথর দেহ আঁকড়ে ধরে রেখেছিল ওই কিশোর।

জীবিত উদ্ধার হওয়া কিশোরের নাম ডেরেক পার্কার আগনাঙ্গা। গত ৫ সেপ্টেম্বর আলাস্কা উপকূলে একটি ছোট নৌকায় করে মাছ ধরতে গিয়েছিলেন ডেরেক, তার বড় ভাই ও এক কাজিন। একপর্যায়ে তাদের মাছ ধরার সুতা মোটরে পেঁচিয়ে যায়। সেটি ছাড়ানোর চেষ্টার সময় বৈরী আবহাওয়ার মুখে পড়ে নৌকাটি উল্টে যায় এবং সবাই সাগরে ছিটকে পড়েন।
পানিতে পড়ার পর ডেরেকের ভাই ও কাজিন দ্রুত মারা যান। স্বজনদের ভাষ্যমতে, উদ্ধারকারী দল পৌঁছানোর আশায় ডেরেক দীর্ঘ সময় ধরে সাগরে ভেসে থাকা দুই ভাইয়ের মরদেহ শক্ত করে ধরে রেখেছিল, যেন স্রোতে তারা ভেসে না যায়। তবে একপর্যায়ে সাগরের তীব্র স্রোতের কারণে সে আর তাদের ধরে রাখতে পারেনি।

ইউএস কোস্ট গার্ড জানায়, ৭ সেপ্টেম্বর সকালে সেন্ট লরেন্স দ্বীপ থেকে প্রায় ৪ মাইল পূর্বে উল্টে থাকা নৌকার ওপর থেকে ডেরেককে জীবিত উদ্ধার করা হয়। কাছাকাছি থাকা একটি নৌযানের সহায়তায় তাকে উদ্ধারের পর দ্রুত এয়ারলিফট করে হাসপাতালে পাঠানো হয়। একই সাথে বাকি দুজনের মরদেহও উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের সময় ডেরেক মারাত্মক হাইপোথার্মিয়া ও পানিশূন্যতায় ভুগছিল এবং তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে সে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে। ডেরেকের অলৌকিক বেঁচে ফেরায় স্বস্তি প্রকাশ করলেও দুই তরুণের মর্মান্তিক মৃত্যুতে তাদের স্থানীয় জনপদে শোকের ছায়া নেমে এসেছে।

Check Also

আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করাটা ভুল ছিল: ইসরাইলি নেতা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান যুদ্ধের শুরুতে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks