‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব’

চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এক নেতার কাছে মুঠোফোনে চাঁদা দাবি করে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ১৫ মিনিটের মধ্যে নির্দিষ্ট বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দিয়ে তাকে বলা হয়েছে, চাঁদা না দিলে যেখানে পাওয়া যাবে, সেখানেই গুলি করা হবে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নেতা মাওলানা ইলিয়াস নুরী।

ইলিয়াস নুরী ইসলামী ফ্রন্টের রাউজান উপজেলা শাখার সভাপতি। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া মাদরাসার অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

থানায় দেওয়া লিখিত অভিযোগে ইলিয়াস নুরী উল্লেখ করেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তার মুঠোফোনে একটি নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীর নাম ব্যবহার করে তার কাছে চাঁদা দাবি করেন। একই সঙ্গে ১৫ মিনিটের মধ্যে একটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দেন। অন্যথায় গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, প্রথমবার ফোন করার প্রায় ১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও কল আসে। তখন হুমকিদাতা জানতে চান, তিনি চাঁদার টাকা পাঠিয়েছেন কি না। দ্রুত টাকা পাঠানোর তাগিদ দিয়ে ওই ব্যক্তি বলেন, তাকে বাঁচানোর জন্য আবার ফোন করা হয়েছে। টাকা না দিলে তাকে হত্যা করতে হবে। অন্যদের হত্যার প্রসঙ্গ টেনেও তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ঘটনার বিষয়ে ইলিয়াস নুরী বলেন, প্রথমবার ফোন করার সময় তিনি মসজিদে ছিলেন। ফোনে চাঁদা দাবি করা হলেও কত টাকা দিতে হবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। হুমকিদাতা নিজের পরিচয় প্রকাশ না করে স্থানীয় একজন সন্ত্রাসীর নাম ব্যবহার করে টাকা দাবি করেন এবং একটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলেন।

তিনি বলেন, আমাকে বলেছে, পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করব। কসম কেটে বলেছে, চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে। আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, যে চাঁদা চেয়েছে সে বিএনপি কি আওয়ামী লীগ সেটা বিষয় না, সে চাঁদাবাজ। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা মোবাইল নম্বর ট্রাকিংয়ের চেষ্টা করছি, কাজ চলমান।

Check Also

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এটিভি গাড়ি ও আকাশে ড্রোন

শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks