পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে রবিবার (১৫ নভেম্বর) থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিকেরা। ‘কাজ নেই তো মজুরি নেই’-এই বিধানে কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, বর্তমানে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল থেকে যেসব কারখানায় উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হবে না, সেসব কারখানা চাইলে ১৩ (১) ধারায় বন্ধ রাখতে পারবে।
মাহমুদ হাসান খান আরও জানান, আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব জমা দেবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা চলতে থাকলে মালিকপক্ষ বোর্ডের আলোচনায় অংশ নেবে কি না, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, চলমান অস্থিরতা নিরসনে গতকাল শুক্রবার পাঁচটি শ্রমিক সংগঠনের জোট এক যৌথ সংবাদ সম্মেলন থেকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে; তাই এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতায় শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানানোর পাশাপাশি মালিকপক্ষকেও আলোচনার পথ খোলা রাখার আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে পোশাকশ্রমিকেরা আন্দোলন করে আসছেন। পরিস্থিতির প্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব পেশ করেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বোর্ডের আলোচনা শুরুর পর শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো তা পুরোপুরি স্বাভাবিক হয়নি।
চাকরির বাজার Jobs and Career Solution