ভারতে রিলস বানাতে ৩০ ফুট উঁচু বাঁধ থেকে লাফ, ভাঙল দুই পা

সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য রিল বানাতে প্রায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে লাফ দিয়ে দুই পা ভেঙেছেন ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি। রবিবার ঝাঁসির পাহুজ বাঁধে এ ঘটনা ঘটে। আহত পুষ্পেন্দ্রর বয়স ৩৮ বছর।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বন্ধুদের সঙ্গে রিল ধারণ করতে বাঁধে গিয়েছিলেন পুষ্পেন্দ্র। ক্যামেরায় দুঃসাহসিক দৃশ্য ধারণের জন্য তিনি দর্শনার্থীদের দাঁড়ানোর স্থানের রেলিং টপকে নিচে ঝাঁপ দেন। কিন্তু পানির গভীরতা বুঝতে না পারায় পাথরের ওপর আছড়ে পড়েন তিনি।

দুই পায়ে গুরুতর আঘাত পাওয়ায় পুষ্পেন্দ্র নিজে পানি থেকে উঠতে পারছিলেন না। ডুবে যাওয়ার উপক্রম হলে শুধু হাতের সাহায্যে ভেসে থাকার চেষ্টা করেন। তাঁর অবস্থা দেখে আশপাশের লোকজন দ্রুত পানি থেকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।

পুষ্পেন্দ্রকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁর দুই পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একটি পায়ে ধাতব রড বসানো হয়েছে। অন্য পায়ে অস্ত্রোপচার এখনো বাকি।
ঘটনার ভিডিওতে দেখা যায়, পুষ্পেন্দ্রর বন্ধুরা বিপজ্জনক ওই দৃশ্য ধারণ করছিলেন। লাফ দেওয়ার ঠিক আগে তাঁদের একজনকে মজা করে বলতে শোনা যায়, ‘ঈশ্বর তোমার আত্মার শান্তি দিন।’