রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে কাদায় আটকাল গাড়ি, উদ্ধার করতে গিয়ে ট্রাকও কাদায়

রাতের আঁধারে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিপাকে পড়েছে একদল চোর। ট্রান্সফরমার চুরির চেষ্টা করতে গিয়ে তাদের গাড়ি ধানখেতের কাদায় আটকে যায়। পরে সেই গাড়ি টেনে তুলতে উদ্ধারকারী ট্রাক নিয়ে এলেও সেই ট্রাকও কাদায় আটকে যায়। পরে কথিত চুরির পরিকল্পনা ফাঁস হলে এক অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের মোগা জেলায়।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত শনিবার গভীর রাতে মোগা জেলার তখতুপুরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তিন ব্যক্তি এক কৃষকের জমিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে যায়।

কৃষক হরজিন্দর সিংয়ের করা অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তার জমিতে বসানো ট্রান্সফরমার খুলে চুরি করার চেষ্টা করে। কিন্তু নরম ও কাদামাটিতে তাদের গাড়িটি আটকে যায়। অনেক চেষ্টা করেও গাড়িটি বের করতে না পেরে তারা সেটি সেখানেই রেখে পালিয়ে যায় বলে অভিযোগ।

তবে সেখানেই শেষ নয়। পরদিন সকালে গাড়িটি উদ্ধারের জন্য একটি ভারী উদ্ধারকারী ট্রাক নিয়ে আবার ঘটনাস্থলে আসে তারা। কিন্তু এবার সেই ট্রাকটিও কাদায় আটকে যায়। ফলে ধানখেতে গাড়ি ও উদ্ধারকারী ট্রাক—দুটিই আটকে পড়ে।

এদিকে দুটি গাড়িকে এভাবে মাঠে আটকে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। সেখানে থাকা ব্যক্তিরা কেন এসেছেন, তা নিয়ে ভিন্ন ভিন্ন কথা বললে গ্রামবাসীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ট্রান্সফরমার চুরির কথিত পরিকল্পনার বিষয়টি বেরিয়ে আসে।

পরে গ্রামবাসীরা অভিযুক্তদের একজনকে ধরে পুলিশের কাছে তুলে দেন। তার নাম লোভপ্রীত সিং। তিনি বারনালা জেলার আলকাদা গ্রামের বাসিন্দা।

এদিকে এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তারা হলেন লোভপ্রীত সিং, মোগার খোটে গ্রামের জসদীপ সিং এবং বাথিন্ডা জেলার গোয়েনানা এলাকার ওয়াকিল সিং।

পুলিশ লোভপ্রীত সিংকে হেফাজতে নিয়েছে। একই সঙ্গে গাড়ি ও উদ্ধারকারী ট্রাকও জব্দ করা হয়েছে। বাকি দুই অভিযুক্ত পলাতক রয়েছেন। তাদের খুঁজে বের করতে অভিযান চলছে।

ডিএসপি নিহাল সিং ওয়ালা আনোয়ার আলী ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রামাঞ্চলে এর আগে ট্রান্সফরমার ও বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনায় এই অভিযুক্তরা জড়িত ছিলেন কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ।

Check Also

শর্তসাপেক্ষে মুক্তি পেলেন অভিজিৎ দীপকসহ শীর্ষ নেতারা, বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে রোববার সকাল থেকে বিক্ষিপ্তভাবে দিল্লির কেন্দ্রস্থলে জড়ো …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks