চীনের একটি যাত্রীবাহী প্লেনে পাওয়ার ব্যাংক বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কেবিন ক্রু দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। কিন্তু কেবিনে ধোঁয়ার কারণে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, গত ২৪ জুলাই চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এমইউ২৪২১ ফ্লাইটে এ দুর্ঘটনা ঘটে। এয়ারবাস এ৩২০ প্লেনটি লানঝৌ থেকে গুইয়াং লংদংবাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর টার্মিনালের দিকে যাওয়ার সময় এক যাত্রীর হাতব্যাগে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওভারহেড লাগেজ কম্পার্টমেন্ট থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে। এ সময় কেবিন ক্রুরা দ্রুত কম্পার্টমেন্ট খুলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর যাত্রীদের নিরাপদে প্লেন থেকে নামানো হয়। একই সঙ্গে, বিমানবন্দরের ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
এক যাত্রী জানান, কেবিনের সামনের দিকে থাকা যাত্রীরা আগুন দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন এবং সরে যাওয়ার চেষ্টা করেন।
আরেক যাত্রী বলেন, পুরো পরিস্থিতিতে কেবিন ক্রুরা শান্ত ছিলেন। তারা যাত্রীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানান এবং দক্ষতার সঙ্গে জরুরি পরিস্থিতি সামাল দেন।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের নীতিমালা অনুযায়ী, যাত্রীরা পাওয়ার ব্যাংক কেবল কেবিন ব্যাগে বহন করতে পারবেন। তবে সেটি ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে রাখা নিষিদ্ধ।
এ ছাড়া উড্ডয়নের সময় পাওয়ার ব্যাংক ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ারও অনুমতি নেই।
বিশেষজ্ঞদের মতে, লিথিয়াম ব্যাটারিতে আগুন লাগলে তা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে প্লেনের কেবিনে এ ধরনের ঘটনা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।
চীনে কঠোর হয়েছে নিয়ম
লিথিয়াম ব্যাটারিজনিত একাধিক অগ্নিকাণ্ডের পর ২০২৫ সালের জুন থেকে চীনের অভ্যন্তরীণ ফ্লাইটে পাওয়ার ব্যাংক বহনের নিয়ম আরও কঠোর করা হয়।
চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএসিএ) বাধ্যতামূলক ৩সি (China Compulsory Certification) সনদবিহীন পাওয়ার ব্যাংক বহনে নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে প্রত্যাহার করা মডেল এবং অস্পষ্ট সনদযুক্ত ডিভাইসও নিষিদ্ধ করা হয়।
এর আগে ২০২৫ সালের মার্চে হাংজৌ থেকে হংকংগামী হংকং এয়ারলাইন্সের একটি এয়ারবাস এ৩২০ প্লেনেও ওভারহেড কম্পার্টমেন্টে থাকা একটি পাওয়ার ব্যাংকে আগুন লাগে। পরে প্লেনটি জরুরি ভিত্তিতে ফুচৌতে অবতরণ করে। ওই ঘটনায়ও সব যাত্রী ও ক্রু অক্ষত ছিলেন।
সূত্র: গালফ নিউজ, সিএনএন
কেএএ/
