ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ক্যাম্প বুয়েরিং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। হামলার তীব্রতায় একপর্যায়ে ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের হাতে আসা নতুন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাত মাস আগে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর ক্যাম্প বুয়েরিংয়ে একাধিক হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি ইরানের এফ-৫ যুদ্ধবিমানও হামলায় অংশ নিয়েছিল বলে দাবি করেছেন তিন মার্কিন সেনাসদস্য।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘তারা এত কাছ দিয়ে উড়েছিল যে পাইলটদের হেলমেট দেখতে পাচ্ছিলাম। হামলা চালিয়েই তারা চলে যায়।’

হামলার সময় ঘাঁটিতে অবস্থানরত সেনাদের দশমিক ৫০ ক্যালিবারের গোলাবারুদের তীব্র সংকট দেখা দেয়। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জামের পর্যাপ্ততা নিয়েও উদ্বেগ ছিল।

যুদ্ধ শুরুর আগে ঘাঁটির প্রায় সাত হাজার সেনার অধিকাংশকে সরিয়ে নেওয়া হলেও শতাধিক সেনা সেখানে অবস্থান করছিলেন। পরিস্থিতির অবনতি হলে তাঁরাও রাতে ঘাঁটি ছেড়ে কুয়েতের মরুভূমিতে আশ্রয় নেন।

এক সেনাসদস্য বলেন, ‘তারা আমাদের ওপর ভয়াবহ আঘাত হেনেছিল। ঘাঁটি ছেড়ে যেতে বাধ্য হয়েছি।’
হামলায় ওই ঘাঁটিতে কোনো মার্কিন সেনা নিহত হননি। তবে কয়েকজন আহত হন। পরে মরুভূমিতে বজ্রপাতে আরও দুই সেনা আহত হন।

এদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শকের প্রতিবেদনে ইরান যুদ্ধে সর্বোচ্চ ৩৭০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ক্ষয়ক্ষতির তথ্য উঠে এসেছে।

সূত্র: সিবিএস

Check Also

গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে

গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ফের তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গুপ্তচরবৃত্তির অভিযোগে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks