মেট্রোরেল স্টেশনে অবৈধ দোকানপাট উচ্ছেদ, দুই মামলায় অর্থদণ্ড

রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (২৭ সেপ্টেম্বর) পরিচালিত পৃথক অভিযানে যাত্রী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ভাসমান দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

এই সময় দুটি মামলায় অর্থদণ্ড দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ডিএমটিসিএল জানায়, দুপুর ৩টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত শাহবাগ মেট্রোরেল স্টেশনে এবং বিকেল ৫টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল কবির। মোবাইল কোর্ট চলাকালে স্টেশনসংলগ্ন এলাকায় থাকা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
পাশাপাশি যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ভাসমান দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। অভিযানের সময় দুটি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, একই দিন ডিএমটিসিএলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোর দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে থাকা অবৈধ ভাসমান দোকানপাট সরিয়ে দেওয়া হয়। একইসঙ্গে স্টেশনের বি গেটসংলগ্ন এলাকায় থাকা অবৈধ দোকানপাট জব্দ করা হয়। ভবিষ্যতে ওই স্থানে পুনরায় দোকান না বসানোর বিষয়ে সংশ্লিষ্ট দোকানদারদের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়। এ ছাড়া একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট দখলদারদের সতর্ক করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় এমআরটি পুলিশ, আনসার সদস্য এবং ডিএমটিসিএলের নিজস্ব কর্মীরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

ডিএমটিসিএলের সংশ্লিষ্টরা জানান, মেট্রোরেল স্টেশন ও এর আশপাশের এলাকা যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের উপযোগী রাখা এবং অবৈধ দখল ও স্থাপনা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।