২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। এ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি প্রক্রিয়ায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নির্বাচন করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা–২০২৭’ থেকে এ তথ্য জানা গেছে।
নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির সুযোগ থাকছে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণিতে আসন শূন্য থাকা বাধ্যতামূলক। এসব শ্রেণিতে লিখিত পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রথম শ্রেণির ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেয়া হবে না। এ শ্রেণিতে আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তির জন্য নির্বাচন করা হবে। লটারি প্রক্রিয়ায় নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে অন্য শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পুরো ভর্তি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ডিজিটাল লটারি আয়োজনের সময় ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে নীতিমালায়। আবেদন গ্রহণ থেকে শুরু করে ফি জমা, ফলাফল প্রক্রিয়াকরণ এবং ফলাফল প্রকাশ পর্যন্ত সব কার্যক্রম নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে।
ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা ও ফি পরিশোধের ক্ষেত্রেও অনুসরণ করতে হবে বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশনা। আবেদন ও ভর্তি কার্যক্রমের সময়সূচি এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়সের বিষয়টিও নির্ধারণ করে দেয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে এবং সাত বছরের কম থাকতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছর পর্যন্ত ছাড় দওয়ার বিধান রাখা হয়েছে।
২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন, সময়সূচি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইট www.shed.gov.bd অনুসরণ করতে হবে।
চাকরির বাজার Jobs and Career Solution