পানিতে ডুবে ২০ দিনের তানিশার অলৌকিক বেঁচে ফেরা!

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাছে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচেছে মাত্র ২০ দিনের শিশু তানিশা। নৌকা ডোবার পর প্রবল স্রোতে মায়ের হাত থেকে ছুটে পানিতে তলিয়ে গেলেও পরে আবার তাকে খুঁজে পান মা। প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পদ্মার স্রোতে ভেসে থাকার পর তানিশাসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে জহুরপুরটেক যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ওয়াসিম (২৩) সাঁতরে তীরে উঠলেও মো. মোস্তফা (৬০) এখনো নিখোঁজ রয়েছেন।

নৌকা ডোবার পর তানিশাকে শক্ত করে ধরে রেখেছিলেন তার মা তানিয়া খাতুন। স্রোতের তীব্রতায় একপর্যায়ে শিশুটি হাত থেকে ছুটে পানিতে তলিয়ে যায়। পরে মা তাকে উদ্ধার করে দুই পা দিয়ে আঁকড়ে পানির ওপর তুলে রাখেন। শিশুটির নানা মো. ইব্রাহিমও এক হাত উঁচু করে তানিশাকে ধরে স্রোতের মধ্যে ভেসে থাকেন।

পরে ভারতীয় জলসীমার কাছাকাছি বিএসএফের ৭১ ব্যাটালিয়নের সদস্যরা স্পিডবোট নিয়ে তাদের উদ্ধার করেন। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে তানিশা প্রায় নিস্তেজ হয়ে পড়লেও চিকিৎসার পর তাকে সুস্থ ঘোষণা করা হয়।

উদ্ধার হওয়া ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে রাতে দেশে ফেরত আনে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।