৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউতে ছিল না কোনো চিকিৎসক

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পিআইসিইউতে ৯ মাসের এক শিশুর মৃত্যুর পর চিকিৎসকের অনুপস্থিতি ও অতিরিক্ত বিলের অভিযোগ তুলেছেন শিশুটির এক স্বজন। এ নিয়ে আসিফ হাসান নামের ওই স্বজন ফেসবুক লাইভে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত একটার দিকে করা লাইভ ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আসিফের দাবি, তার ভাগ্নির ছেলেকে গত ১ সেপ্টেম্বর রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডের পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় চিকিৎসকেরা শিশুটির রক্তে সুগার কমে যাওয়ার কথা জানিয়েছিলেন। পরে বিভিন্ন সময়ে শিশুটির বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কথা জানানো হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার পরিবারের সদস্যদের জানানো হয়, পরদিন শিশুটিকে ছাড়পত্র দেওয়া হবে। তবে বিকেলে হঠাৎ করে জানানো হয়, শিশুটির লাইফ সাপোর্ট প্রয়োজন।

পরে শিশুটিকে দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে দেখতে দেয়নি বলে অভিযোগ করেন আসিফ। একপর্যায়ে তারা জোর করে পিআইসিইউতে প্রবেশ করে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় ডাকাডাকি করেও কোনো চিকিৎসকের দেখা পাননি বলে দাবি করেন তিনি।

আসিফের অভিযোগ, চিকিৎসার নামে হাসপাতাল কর্তৃপক্ষ দুই লাখ টাকার বেশি বিল করেছে। শিশুটির চিকিৎসা ও মৃত্যুর বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ফেসবুক লাইভ করার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কয়েকজন বহিরাগত এসে তাকে শাসানোর চেষ্টা করেন বলেও অভিযোগ করেন আসিফ। পরে ঘটনাস্থলে পুলিশ এলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। শিশুটির মৃত্যুর কারণ এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Check Also

সিএমএম আদালত থেকে হাতকড়া খুলে ফের পালাল আসামি শরিফুল

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতকড়া খুলে শরিফুল ইসলাম নামের এক বিচারাধীন আসামি …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks