সারা দেশে আবারও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

বাংলাদেশে আবারও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে, সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের আভাস রয়েছে।

২৪ ঘণ্টায় সাধারণত ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে সেটাকে ‘ভারি বৃষ্টিপাত’ বলা হয়। আর এর চেয়ে বৃষ্টি হলে সেটা ‘অতি ভারি’ বৃষ্টি হিসেবে চিহ্নিত হয়।

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সম্প্রতি বাংলাদেশের সাতটি জেলায় বন্যা দেখা দেওয়ায় পানিবন্দি হয়ে পড়েন লাখ লাখ মানুষ। এছাড়া বন্যা ও পাহাড় ধ্বসে অর্ধ শতাধিক মানুষ প্রাণ হারান।

এমনকি ঢাকাতেও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার দুর্ভোগে পড়েন নগরবাসী। ভারি বর্ষণের ফলে আবারও ওই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা করছেন অনেকে।