বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে হামলার জবাবে উপসাগরীয় এই দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে এই হামলা চালায় তেহরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দাবি, সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বন্ধ না হলে আরও কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির বরাত দিয়ে তাসনিম জানায়, ‘হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল পাচার বন্ধ করতে আগ্রাসী শত্রুপক্ষকে কঠোর সতর্কবার্তা দেয়া হচ্ছে। এ ধরনের লঙ্ঘন ও আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির মহাকাশ বাহিনী কোনো সীমাবদ্ধতা ছাড়াই জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছিল, দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে। সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হামলাটি সামরিক ধরনের ছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে এলাকাটিতে দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এদিকে হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে।
বাহরাইনে ভয়াবহ হামলা ইরানের, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি
বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম বেড়েছে ২ দশমিক ৩৬ শতাংশ।
প্রসঙ্গত, ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
চাকরির বাজার Jobs and Career Solution