ককোরোচ জনতা পার্টির (সিজিপি) উদ্যোগে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে আসা আন্দোলনকারীদের ঢালাওভাবে আটকের ঘটনায় কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের তীব্র সমালোচনা করেছে আম আদমি পার্টি (আপ)।
শুক্রবার (১০ অক্টোবর) দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এই অবস্থাকে জরুরি অবস্থার চেয়েও করুণ হিসেবে বর্ণনা করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কেজরিওয়াল বলেন, বর্তমানে ভারতে সম্পূর্ণ একনায়কতন্ত্র চলছে এবং বিমান থেকে আন্দোলনকারীদের সরাসরি গ্রেপ্তার করা সরকারের চরম ভীতির প্রকাশ নির্দেশ করে।
তিনি অভিযোগ করেন, ভোটে কারচুপি করে জয়ী হওয়ার পর নিজের জালিয়াতি ঢাকতেই নরেন্দ্র মোদী গণতন্ত্রকে ধ্বংস করছেন এবং তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পাশাপাশি মোদীরও পদত্যাগ দাবি করেন।
আপ বিধায়ক গোপাল রাই এবং আপ-এর দিল্লি রাজ্য সভাপতি সৌরভ ভরদ্বাজ যৌথভাবে সরকারকে অভিযুক্ত করে জানান, প্রধান নির্বাচন কমিশনারকে রক্ষা করতে পুরো দেশজুড়ে ‘কালো জরুরি অবস্থা’ জারি করা হয়েছে। তারা অভিযোগ করেন, একজনকে বাঁচাতে দিল্লিকে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেললেও তরুণদের যৌক্তিক আন্দোলনকে শক্তিবলে চেপে রাখা যাবে না।
নির্বাচনী জালিয়াতির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দিয়েছিল সিজিপি। এই আন্দোলনকে কেন্দ্র করে দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশন বন্ধ রাখা হয়েছে, ট্রেন বাতিল করা হয়েছে এবং ২৩ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করে পুরো শহরজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
সূত্র: দ্য হিন্দু
চাকরির বাজার Jobs and Career Solution