‘ক্যানসার চিকিৎসায় সারা দেশে ১৭টি রেডিওথেরাপি মেশিন সংযোজন হচ্ছে’

দেশের ক্যান্সার চিকিৎসাসেবা আরও সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বছরে দেশের বিভিন্ন হাসপাতালে ১৭টি রেডিওথেরাপি মেশিন আনার পরিকল্পনা করছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ছয়টি এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ১১টি মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আজ এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী  বলেন, এসব মেশিন স্থাপন করা হলে ঢাকার বাইরে ক্যান্সার চিকিৎসার সুযোগ বাড়বে। এতে রোগীদের চিকিৎসার জন্য বারবার ঢাকায় আসার প্রয়োজন কমবে এবং দেশের ভেতরেই তুলনামূলক কম খরচে রেডিওথেরাপি নেওয়ার সুযোগ তৈরি হবে।

এদিকে দেশে রোবটিক সার্জারির জন্য ১০টি মেশিনের চাহিদা রয়েছে। এর মধ্যে এ বছর পাঁচটি মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব মেশিন চালু হলে আধুনিক প্রযুক্তির সহায়তায় জটিল অস্ত্রোপচারের সুযোগ বাড়বে। একই সঙ্গে রোবটিক সার্জারির জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতাও কমানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, চিকিৎসাসেবার আধুনিকায়নের পাশাপাশি ঢাকার বাইরে সেবা সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক রোগীকে ঢাকায় আসতে হয়। নতুন রেডিওথেরাপি মেশিনগুলো ঢাকার বাইরের হাসপাতালে স্থাপন করা হলে নিজ নিজ এলাকায় চিকিৎসা নেওয়ার সুযোগ বাড়বে।

স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী করতে জনবল বাড়ানোর উদ্যোগও চলছে। এর অংশ হিসেবে নার্স নিয়োগের কার্যক্রম চলছে। পাশাপাশি ২ হাজার ৫০০ চিকিৎসক নিয়োগের জন্য পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়াও চলমান রয়েছে।

তবে নতুন চিকিৎসা সরঞ্জাম আনার পাশাপাশি আগে কেনা যন্ত্রপাতির কার্যকর ব্যবহার নিশ্চিত করা নিয়েও প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে ক্যান্সার চিকিৎসার জন্য আনা দুটি মেশিন বর্তমানে নষ্ট অবস্থায় পড়ে আছে। এর একটি গোপালগঞ্জে এবং অন্যটি ফরিদপুরে রয়েছে।

স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন রেডিওথেরাপি ও রোবটিক সার্জারি মেশিন আনার পাশাপাশি সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ, দক্ষ জনবল এবং কার্যকর ব্যবহারের নিশ্চয়তা জরুরি। এসব নিশ্চিত করা গেলে ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসায় দেশের সক্ষমতা আরও বাড়বে।

Check Also

কিশোরগঞ্জে দীর্ঘদিন ধরে ১২ কেজির সিলিন্ডারে ৪ কেজি গ্যাস কমিয়ে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

কিশোরগঞ্জ সদরে ১২ কেজির এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস বের করে অন্য সিলিন্ডারে স্থানান্তরের অভিযোগে এক …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks