গাইবান্ধায় চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরু জবাই করে ছেলের বৌভাতের আয়োজনের অভিযোগ উঠেছে বরের বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা। এ ঘটনায় ভণ্ডুল হয়ে যায় বৌভাতের আয়োজন।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয় শুক্রবার। পরদিন শনিবার সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। অতিথিদের জন্য একটি গরু জবাই করে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা।

এরই মধ্যে পূর্ব মাস্তা গ্রামের মৃত আলী শেখের ছেলে শহিদুল ইসলাম জানতে পারেন, শুক্রবার ভোররাতে তার একটি গরু গোয়ালঘর থেকে চুরি হয়েছে। পরে গরুর পায়ের দাগ অনুসরণ করে তিনি ও তার ভাতিজা আনারুল রফিকুল ইসলামের বাড়িতে যান। সেখানে জবাই করা গরুটি দেখে তারা সেটি নিজেদের চুরি যাওয়া গরু বলে শনাক্ত করেন।
এ নিয়ে প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রফিকুল ইসলামের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে আনারুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে শহিদুল ইসলাম মোবাইল ফোনে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বর সোহান ও তার ভাই রাব্বি পালিয়ে যান। এ সময় রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি জব্দ করা হয় জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Check Also

যে ভিটামিনের অভাবে পেট ভরা থাকলেও ক্ষুধা লাগে

অনেকেই মনে করেন ভরপেট খাওয়ার পরেও ক্ষুধা লাগা এক আজব বিষয়। তবে চিকিৎসাবিজ্ঞানে এর নাম …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks