রাশিয়া থেকে ঢাকায় পৌঁছালো রূপপুরের পারমাণবিক জ্বালানি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বহুল প্রতীক্ষিত জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা ‘রোসাটম’-এর বাংলাদেশস্থ জনসংযোগ প্রতিষ্ঠান ট্রাইউইন গ্রুপের দায়িত্বশীল সূত্র ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের এই চালানটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেন। বিমান থেকে ইউরেনিয়াম নামিয়ে বিশেষ পরিবহনে লোড করতে আনুমানিক চার ঘণ্টা সময় লাগে। প্রক্রিয়া শেষে শনিবার শেষ রাতে কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে ঢাকা থেকে সড়কপথে রূপপুর প্রকল্প এলাকার উদ্দেশ্যে রওয়ানা হবে ইউরেনিয়ামবাহী বিশেষ বহর।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রাশিয়া থেকে রওনা হওয়া জ্বালানিবাহী বিশেষ বিমানটি ভারতে যাত্রাবিরতি দিয়ে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে চালানটি নামানোর পর থেকে পাবনায় রূপপুর প্রকল্পে পৌঁছানো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর এই চালানটি দেশে পৌঁছানোর কথা থাকলেও পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতার কারণে তা বিলম্বিত হয়। আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট ৯টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি দেশে আনা হবে।

এর মধ্যে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল রয়েছে। জ্বালানিবাহী বিমানগুলো রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রথম ধাপের জ্বালানি দেশে এসেছিল। চলতি বছরের মে মাসে সেই ইউরেনিয়াম সফলভাবে পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়। নতুন এই চালান পৌঁছানোর মাধ্যমে রূপপুর বিদ্যুৎকেন্দ্রকে পূর্ণাঙ্গভাবে চালু করার প্রক্রিয়ায় আরও এক ধাপ অগ্রগতি হলো।

Check Also

রাজধানীতে মাদক ব্যবসায় যুক্ত ২৭.৪ শতাংশ ১৫ বছরের শিশু

ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচর থেকে অটোরিকশায় মোহাম্মদপুরের দিকে যাচ্ছিল এক কিশোর। সন্দেহ হওয়ায় বছিলা চেকপোস্টে রিকশাটি …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks