কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আমেরিকান সামরিক সক্ষমতার ওপর আবার বড় ধরনের আঘাত হানল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। এক সুনির্দিষ্ট গোয়েন্দা নজরদারি এবং জটিল ইলেকট্রনিক ওয়ারফেয়ার অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনীর তৈরি একটি সর্বাধুনিক ‘রেমাস ৬০০’ (Remus 600) চালকহীন ডুবো ড্রোন আটক করেছে তারা।
আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, হরমুজ প্রণালীতে গুপ্তচরবৃত্তির কাজে লিপ্ত থাকার সময় সর্বশক্তিমান পরমেশ্বরের সহায়তায় অত্যাধুনিক এই আমেরিকান গুপ্তচর ডুবো ড্রোনটিকে অক্ষত অবস্থায় কব্জা করা হয়। পরে, এটিকে রির্ভাস ইঞ্জিনিয়ারিং করা হবে।
জব্দ ‘রেমাস ৬০০’ হলো যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন এবং উচ্চপ্রযুক্তির সামরিক ড্রোন, যা পানির নিচে দীর্ঘক্ষণ নিখুঁত নজরদারি চালাতে সক্ষম। ড্রোনটি আটকের পর পরই এর ভেতরের স্পর্শকাতর তথ্য, মেমরি ও ডেটা রিকভারি বা উদ্ধারের জন্য আইআরজিসির বিশেষজ্ঞ দল ও বিজ্ঞানীদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সাথে আইআরজিসি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অবৈধ পথ কিংবা বিপজ্জনক তৎপরতার বিরুদ্ধে তারা কঠোর ও চূড়ান্ত পদক্ষেপ অব্যাহত রাখবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালীর প্রবেশদ্বারে চালকহীন মার্কিন আন্ডারওয়াটার ড্রোন জব্দ করার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ৮ সেপ্টেম্বর অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজের তৈরি ‘ডাইভ-এলডি’ (Dive-LD) নামের আরেকটি অত্যানাধুনিক আমেরিকান ইউইউভি ড্রোন একইভাবে আটক করেছিল ইরানি নৌবাহিনী। পরপর দুটি যুক্তরাষ্ট্রের উচ্চপ্রযুক্তির স্পাই ড্রোন নিয়ন্ত্রণে নেওয়ার পর পারস্য উপসাগরে আমেরিকা ও ইরানের মধ্যকার তীব্র স্নায়যুদ্ধ ও সামরিক উত্তেজনা এখন চরম উত্তাপ ছড়াচ্ছে।
তথ্যসূত্র: মেহর নিউজ এজেন্সি
