চট্টগ্রামে বাণিজ্য মেলা শুরুর আগেই ভাঙচুর: ১০ লাখ টাকা চাঁদাদাবি

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সপোর্ট ফেয়ার-২০২৬ আয়োজনের প্রস্তুতিতে বাধা ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এসময় ১০ লক্ষ টাকা চাঁদা চাওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে৷ আর এসকল অভিযোগের তীর চট্টগ্রামের ব্যবসায়ীদের আরেকটি বৃহৎ ও আদি সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দিকে৷

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একদল বহিরাগত লোকজন মেট্রোপলিটন চেম্বার কর্তৃক আয়োজিত মেলার প্রস্তুতি মূলক কাজ করার সময় অতর্কিত হামলা চালিয়ে মালামাল লুট করে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এ সময় মেট্রোপলিটন চেম্বারের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান ও ফোরকানকে ব্যাপক মারধর ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

এই বিষয়ে মোঃ ফোরকান বিডি২৪লাইভকে বলেন, আজ সকালে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন কাজ করার সময় একদল বহিরাগত লোক প্রথমে মালামাল লুটের চেষ্টা করে৷ পরে আমরা বাঁধা দিলে তারা বিভিন্ন মালামাল ভাংচুর করে৷ এসমহ আমাদের আব্দুল হান্নান ও আমাকে হেনস্থা করা হয়৷ চাঁদাদাবীর অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বহিরাগতরা যাওয়ার সময় উচ্চস্বরে বলে গেছে ১০ লাখ টাকা দিবি না হয় কেউ কাজ করতে পারবে না৷

একাধিক সূত্রে জানা যায়, বাংলাদেশ ইন্টান্যাশনাল ট্রেড এন্ড এক্সপোর্ট ফেয়ার-২০২৬ আয়োজনের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক যথা নিয়মে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন পলোগ্রাউন্ড মাঠ ব্যবহারের অনুমতি গ্রহন করেন এবং রেলওয়ে নির্ধারিত জামানত ও ভাড়া পরিশোধ করে চুক্তি সম্পাদন করেন। উক্ত মেলা আয়োজনের জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও লোকাল পুলিশ প্রশাসন হতে অনুমতি গ্রহন করা হয়। সম্প্রতি মেলার প্রস্তুতি গ্রহনের সময় চট্টগ্রাম চেম্বারের নাম দিয়ে বেশ কয়েকদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুমতি বাতিল করার জন্য চাপ প্রয়োগ করে আসছে এবং রেলওয়ের জি.এম কে মেট্রোপলিটন চেম্বারের মেলার অনুমতি বাতিল করতে বললে, তিনি তা সম্ভব নয় বরং আপনারা দুই চেম্বার সমঝোতা করেন মর্মে অনুরোধ করেন।

অভিযোগ উঠেছে বিভিন্ন ভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের নেতৃবৃন্দকে হুমকিধমকি দিয়ে কৃতকার্য না হয়ে আজ সকাল ১১টায় লোকজন নিয়ে মেলাস্থলে হামলা চালিয়ে নির্মাণাধীন মালামাল লুট করে নিয়ে যান এবং এর পর কাজ করার চেষ্টা করলে সমস্যা হবে বলে মন্তব্য করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি এ.এম. মাহবুব চৌধুরী প্রতিবেদককে বলেন আমরা বাংলাদেশ রেলওয়ে, বাণিজ্য মন্ত্রণালয় ও প্রশাসনের অনুমতি নিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সপোর্ট ফেয়ার-২০২৬ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা কাজ আরম্ভ করার প্রাক্কালে চট্টগ্রাম চেম্বার একই স্থানে একই সময়ে মেলা আয়োজনের চেষ্টা করছে, আমরা পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবো। মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো: শাহ আলম প্রতিবেদককে বলেন, আজ সকালে প্রস্তুতি গ্রহন কালে বহিরাগত কিছু লোকজন এসে হামলা চালিয়ে মালামাল নিয়ে গেছে মর্মে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ করণীয় বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়ে ঠিক করা হবে। তবে, আইন হাতে তুলে নেওয়া শোভনীয় নয়। এটা সময় নিয়ে কাজ করতে হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার ও চট্টগ্রাম চেম্বার চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, স্বনামধন্য ব্যবসায়ীদের সংগঠন। উভয় চেম্বারেই গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন।

কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, পুলিশকে ঘটনার বিষয়টি জানালেন দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মৌখিক ভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলেও এই প্রতিবেদন লিখা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ জানানো হয়নি বলে কোতোয়ালী থানা পুলিশ সূত্রে জানা গেছে৷

এসকল অভিযোগের বিষয়ে চট্টগ্রাম চেম্বারের কারো বক্তব্য পাওয়া যায়নি৷