পুলিশ-শ্রমিক ধাওয়া পাল্টাধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের কোনাবাড়ীতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আন্দোলন চলাকালে পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব এলাকায় অবস্থিত ‘হানিওয়েল গার্মেন্টস লি.’ এর শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রে ও পুলিশ জানায়, নির্ধারিত সময়ে বেতন না দিয়ে বারবার কারখানা বন্ধের নোটিশ দেয়ায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই তারা কারখানার আশপাশে জড়ো হতে থাকেন এবং একপর্যায়ে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন।

পরবর্তী সময়ে বেলা পৌনে ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা আমবাগ এলাকার ‘পি.এন নীট কম্পোজিট লি.’ নামের অপর একটি কারখানার শ্রমিকদের আন্দোলনে একাত্ম করার চেষ্টা চালান। সেখানে শিল্প পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকেরা অভিযোগ করে বলেন, গত ১০ তারিখ থেকে বেতন দেয়ার আশ্বাস দিয়েও তা দেয়া হচ্ছে না। আজ ২২ তারিখ পার হয়ে গেলেও আমরা বেতন পাইনি। পাওনা না পাওয়ায় আমরা বাসার ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে পারছি না।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা পার্শ্ববর্তী আরেকটি কারখানায় হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে শিল্প পুলিশের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে।

Check Also

বিক্ষোভকারীদের লক্ষ্য সরকার পরিবর্তন, নেহা বোরার ‘বাংলাদেশের আন্দোলন পথ দেখিয়েছে’ ভিডিও নিয়ে বিজেপি

বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতে ক্ষমতার পরিবর্তন ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks