কাফন আতঙ্ক: সড়কের মোড়ে মোড়ে কাফনের কাপড়, পাশে জ্বলছিল মোমবাতি

কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে সড়কের তিন রাস্তার মোড়ে কাফনের কাপড়ের মতো সাদা কাপড়ে মোড়ানো একটি পুটলি ও পাশে জ্বলন্ত মোমবাতি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুটলিটি দেখে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি সড়ক থেকে সরিয়ে নেয়।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ ছ-মিল পাড়ায় হোসেনাবাদ-ফিলিপনগর সড়কের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে পথচারীরা সড়কের ওপর সাদা কাপড়ে মোড়ানো একটি পুটলি পড়ে থাকতে দেখেন। কাপড়টির ওপর রক্তের মতো লালচে দাগও দেখা যায়। পুটলির ভেতরে সিঁদুর, একটি পুতুল এবং মাটির তৈরি কিছু সামগ্রী ছিল বলে স্থানীয়রা জানান। এর পাশে একটি মোমবাতি জ্বলছিল।

হঠাৎ এমন দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে নানা ধরনের আশঙ্কা তৈরি হয়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয় বাসিন্দা হুসাইন আহম্মেদ বলেন, রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি সড়কের মোড়ে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে সেখানে একটি সাদা কাপড়ে মোড়ানো পুটলি দেখতে পান। পুটলির পাশে মোমবাতি জ্বলছিল এবং কাপড়ে লাল রঙের মতো দাগ ছিল। পরে পুলিশ এসে সেটি সরিয়ে নেয়।

আরেক স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, কেউ হয়তো কালোজাদুর উদ্দেশ্যে এসব সামগ্রী সেখানে রেখে যেতে পারে। তবে গভীর রাতে এমন দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে ভয় তৈরি হয়েছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুটলিটি রাস্তা থেকে সরিয়ে নেয়। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কেন এসব সামগ্রী সেখানে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করতেই কেউ এ ধরনের কর্মকাণ্ড করে থাকতে পারে। স্থানীয়দের কেউ এটিকে কালোজাদু বা কুফরির সঙ্গে সম্পৃক্ত বলেও ধারণা করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুটলিটি সরিয়ে নিয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Check Also

বাংলাদেশি ভেবে নিজ দেশের দুই নাগরিককে গুলি করে ফেলে গেল বিএসএফ

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks