হামলা-ভাঙচুরের পর সাকিবের মাগুরার বাড়িতে নতুন করে চলছে সংস্কারকাজ

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ চলছে। গত কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করতে দেখা গেছে শ্রমিকদের। বাড়িটির সংস্কারকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

গত ৬ আগস্টে রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর প্রায় এক মাস পর ভবনটির সংস্কারকাজ শুরু হয়েছে। বর্তমানে রঙ শ্রমিকরা ভবনের বাইরের অংশে রঙের কাজ করছেন। তবে এ সময় সাকিবের পরিবারের কোনো সদস্য বা পরিচিত কাউকে দেখা যায়নি।

সংস্কারকাজে থাকা শ্রমিকেরা জানান, তারা শুধু ভবনের কাজ করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না, কিংবা বাড়িতে কারও আসার বিষয়ে তারা কিছু জানে না। রঙের কাজ শেষ হওয়ার পর হামলার সময় ইটপাটকেলের আঘাতে ক্ষতিগ্রস্ত সিঁড়িঘরের ভাঙা কাচ ও জানালার কিছু অংশ মেরামত করা হতে পারে বলেও জানান তারা। গত আগষ্টে দুর্বৃত্তরা বাড়ির প্রধান ফটকে আগুন দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়।

ওই ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে পেট্রলবোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিল পুলিশ।

এদিকে, আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন আলোচনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন-এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। মাগুরার সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন নেতাও এ বিষয়ে পোস্ট করেছেন। এমন পরিস্থিতিতে সাকিব আল হাসানও দেশে ফিরবেন কি না, তা নিয়ে নানা সময়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা করতে দেখা গেছে ভক্তদের। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাঁর নামও আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়েছে। তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।

তবে বর্তমানে বাড়ির সংস্কারকাজের সঙ্গে সাকিবের দেশে ফেরার কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও পথচারীরাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

Check Also

অনলাইনে কেনাকাটায় প্রতারিত হলে অভিযোগ করবেন কোথায়

ভাবুন, অনলাইনে সন্তানের জন্য একটি সুন্দর পোশাক কিনলেন। ছবিতে যেমন দেখেছিলেন, হাতে পাওয়ার পরও অনেকটা …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks