সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৪১৬৬

দ্বিতীয় ধাপে দেশের ‍দুই বিভাগের (ঢাকা ও চট্টগ্রাম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৪ হাজার ১৬৬ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আজ বুধবার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে এই দুই বিভাগের আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১৪ নভেম্বর থেকে, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

এর আগে ৫ নভেম্বর প্রথম ধাপে ছয় বিভাগের (রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ) জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে শূন্য পদের সংখ্যা ১০ হাজার ২১৯টি। ৮ নভেম্বর থেকে এ ধাপের অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

চলতি বছরের ২৮ আগস্ট রাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫-এর প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি। এই কমিটির চেয়ারম্যান হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সদস্যসচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও রয়েছেন এই কমিটিতে।

পরে ২ নভেম্বর সংশোধিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ প্রকাশ করা হয়। এতে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়। পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫-এ কিছু শব্দগত পরিবর্তনও করা হয়।

Check Also

জীবন বীমা করপোরেশনে ১০০ জনের নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

দেশের একমাত্র রাষ্ট্রীয় বীমাপ্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন ‘এজেন্ট’ পদে ১০০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *