পাবনায় সড়ক দুর্ঘটনায় ছেলের বিয়ের আগের দিন মা-বাবা নিহত

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়ার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনোয়ার মালিথার বড় ছেলে সিয়াম মালিথার বিয়ের আয়োজন ছিল। এ উপলক্ষে বুধবার বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে বিয়ের কেনাকাটা করতে যান আনোয়ার। কেনাকাটা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে নতুনহাট থেকে শহরগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই স্বপ্না খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত আনোয়ার মালিথাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Check Also

ব্ল্যাক আইভরি ও কোপি লুওয়াক: মলে তৈরি কফির দাম কেন লাখ টাকা?

কফি মানেই মন চনমনে করা সুবাস আর স্বাদের অনন্য এক তৃপ্তি। তবে বিশ্বজুড়ে এমন কিছু …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks