কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় নিজে বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিল্পী রানী সুশীল নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড় শীল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী রানী ওই এলাকার কালীমন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা রবীন্দ্র লাল সুশীলের স্ত্রী।

স্থানীয়রা জানায়, রাতে রবীন্দ্রনাথ শীলের বাড়িতে চুরির উদ্দেশ্যে অজ্ঞাত এক ব্যক্তি প্রবেশ করে। বাড়িতে থাকা শিল্পী রানী চোরের উপস্থিতি টের পেয়ে তাকে জড়িয়ে ধরে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন। একপর্যায়ে ওই ব্যক্তি শিল্পী রানী শীলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার স্বামী রবীন্দ্রনাথ শীলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি চুরি জনিত বলে জানতে পেরেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।