প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী তিন বছর এ বৃত্তি কার্যকর থাকবে।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবেন। এছাড়া উভয় শ্রেণির বৃত্তিধারীরা বছরে এককালীন ২২৫ টাকা করে পাবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা গত ২৫ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর মেয়াদে প্রাথমিক শিক্ষা ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য মাসিক বৃত্তির হার নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এর সঙ্গে প্রতি বছর এককালীন ২২৫ টাকা দেওয়া হবে।
অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা করে পাবেন।
বৃত্তির অর্থ পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কিছু শর্তও মেনে চলতে হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, বৃত্তিধারী শিক্ষার্থীর সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং সন্তোষজনক পাঠোন্নতির ভিত্তিতে বৃত্তির অর্থ প্রদান করা হবে।
এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের যেকোনো সরকারি অথবা স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বিনাবেতনে ভর্তি হয়ে পড়াশোনার সুযোগ পাবে।
বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এজন্য সরকার থেকে ব্যক্তি বা জি-টু-পি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে অর্থ প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে হিসাব খুলতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বৃত্তির জন্য বরাদ্দ করা অর্থের বিল সংশ্লিষ্ট অর্থবছরের শেষ দিন অর্থাৎ প্রতি বছরের ৩০ জুনের মধ্যে উত্তোলন করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মেধাবৃত্তি খাত থেকে প্রাথমিক বৃত্তির অর্থ প্রদান করা হবে।
এদিকে, প্রকাশিত বৃত্তির ফলাফল বা তালিকায় কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন, বাতিল অথবা পুনর্বণ্টনের ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সংরক্ষণ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন এ সিদ্ধান্তের ফলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬ সাল থেকে নির্ধারিত নতুন হারে আগামী তিন বছর বৃত্তির সুবিধা পাবেন।
চাকরির বাজার Jobs and Career Solution