ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে যৌথভাবে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর ৫৫ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ বস্তি সংলগ্ন মাঠে কর্মসূচিটির উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

কর্মসূচির উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা বিভিন্ন ধরনের বর্জ্য নিয়ে অস্থায়ী স্টলে আসেন। সেখানে বর্জ্য জমা দিয়ে বিনিময়ে চাল, ডাল, তেল, লবণ, আলু, টিস্যুসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন তারা।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচি মানুষকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ড্রেন, নালা ও নর্দমায় ফেলার কারণে পানি চলাচলে বাধা সৃষ্টি হয় এবং জলাবদ্ধতা দেখা দেয়। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে উঠলে একদিকে জলাবদ্ধতা কমবে, অন্যদিকে পরিবেশও সুরক্ষিত থাকবে।

কর্মসূচিটি ধীরে ধীরে পুরো নগরীতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান আবদুস সালাম। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে গুলিস্তানে একটি স্থায়ী স্টল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন থেকে চার মাসের মধ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একটি করে স্থায়ী স্টল স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সুবিধাজনক অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) আশপাশে পথশিশুদের জন্য চেয়ার-টেবিল ও বইয়ের ব্যবস্থা করে ‘বই পড়ার বিনিময়ে খাবার’ কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে কেবল সহায়তা দেওয়ার পরিবর্তে পরিচ্ছন্ন নগর গড়ার কাজে তাদের অংশীদার করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তিনি জানান, গত দুই বছরে প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে। এই অর্থ দিয়ে প্রায় ৪ লাখ মানুষের খাবারের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।

ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ লাখ কেজি বর্জ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

Check Also

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইট বাতিল …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks