‘লেক পরিষ্কার করে বিএনপি, হঠাৎ জামায়াতের ফটোসেশন’

উত্তরার ১২ নম্বর সেক্টরে লেক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিএনপির দীর্ঘদিনের চলমান কর্মসূচিতে জামায়াত নেতাকর্মীরা বাধা দিয়েছেন এবং কাজ না করেই ‘ফটোসেশন’ করেছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা।

জানা গেছে, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে জলাশয়, খাল ও ডোবা-নালা পরিষ্কারের অংশ হিসেবে উত্তরার বিভিন্ন এলাকায় দীর্ঘ ১১ মাস ধরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে উত্তরার ১২ নম্বর সেক্টরের রূপায়ণ সিটির গেটসংলগ্ন লেক পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয় এবং আগের রাতেই সেখানে একটি এক্সকাভেটর আনা হয়।

তবে বিএনপির অভিযোগ, সকাল ৮টার দিকে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে তাদের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেন এবং পরিচ্ছন্নতার কাজ না করেই স্থানটিতে ফটোসেশন করেন।

ঘটনার খবর পেয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন ঘটনাস্থলে পৌঁছান এবং জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি স্পষ্ট করে জানান, বিএনপি দীর্ঘদিন ধরে এই এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আসছে। জামায়াত নেতাকর্মীরা পরিচ্ছন্নতার কাজ করতে চাইলে উত্তরায় আরও অনেক ময়লাযুক্ত স্থান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পরবর্তীতে উভয়পক্ষের আলোচনার পর জামায়াতের নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন। তারা চলে যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা তাদের পূর্বনির্ধারিত লেক পরিষ্কার কার্যক্রম পুনরায় শুরু করেন।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে চরম অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ১২ নম্বর সেক্টরের স্থানীয় ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, “বিএনপির নেতাকর্মীরা গত বেশ কয়েক মাস ধরেই উত্তরার এই লেক পরিষ্কারের কাজ করছেন, এটা আমরা নিয়মিতই দেখি। আজ সকালে জামায়াতের লোকজন এসে হঠাৎ বাধার সৃষ্টি করে। সামাজিক ও সেবামূলক কাজে রাজনীতির ক্রেডিট নেওয়া বা অনাবশ্যক বিতর্ক তৈরি করা একদমই অনুচিত।”

রূপায়ণ সিটি এলাকার গৃহিণী শারমিন সুলতানা জানান, লেকটি দীর্ঘদিন ময়লা-আবর্জনায় ভরা ছিল এবং মশার উৎপাতে আমাদের থাকা দায় হয়ে উঠেছিল। রাজনৈতিক দলগুলো যদি পরিচ্ছন্নতার কাজ করে, তাতে আমাদেরই লাভ। তবে সকালে কাজ নিয়ে দলীয় হট্টগোলে আমরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমরা চাই রাজনীতির ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সবাই কাজ করুক।

এছাড়া স্থানীয় প্রবীণ অধিবাসী মোঃ শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি দলীয়ভাবে এই লেক পরিষ্কারের সরঞ্জাম এনে কাজ করছে এটা সত্য। সকালে সাময়িক উত্তেজনা তৈরি হলেও আলোচনার মাধ্যমে তা মিটে যাওয়ায় ভালো হয়েছে। কাজের চেয়ে ছবি তোলা বা তর্ক করাকে গুরুত্ব দিলে এলাকার মানুষই ক্ষতিগ্রস্ত হবে।

Check Also

তাজমিন হত্যায় বান্ধবীকে জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৪) এর মা কেয়া খাতুন মেয়েকে …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks