ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে জীবন বাজি রেখে উদ্ধার করলেন পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন অমিত হাসান নামে এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকায় শেখ হাসিনা সড়কের প্রথম ব্রিজে এ ঘটনা ঘটে। নদী থেকে উদ্ধারের পর ২৪ বছর বয়সী ওই তরুণীকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল অমিত হাসানের বিদায় উপলক্ষে মঙ্গলবার রাতে তার ব্যাচমেট কনস্টেবল মো. ফয়সাল ও ইফরান মাহমুদকে নিয়ে তিনি শেখ হাসিনা সেতু এলাকায় ঘুরতে ও নাশতা করতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ ওই তরুণীকে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিতে দেখেন তারা। পরিস্থিতি বুঝতে পেরে এক মুহূর্তও দেরি না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন কনস্টেবল অমিত হাসান। তিনি সাঁতরে ওই তরুণীর কাছে পৌঁছান এবং একটি নৌকার সহায়তায় তাকে নদীর তীরে নিয়ে আসেন। এরপর তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাছির উদ্দিন হাসপাতালে ছুটে যান এবং তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তরুণীর মায়ের বরাত দিয়ে জানা যায়, প্রায় ছয় মাস আগে সদর উপজেলার রাধিকা জগৎসার গ্রামের এক যুবকের সাথে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তারা নারায়ণগঞ্জে থাকতেন। তবে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় প্রায় তিন মাস ধরে ওই তরুণী শিমরাইলকান্দি এলাকায় তার বাবার বাড়িতেই বসবাস করছিলেন।

পরিদর্শক নাছির উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ এবং স্বামীর সঙ্গে অভিমান থেকেই ওই তরুণী আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসা শেষে ওইদিন রাত ১২টার দিকে তাকে তার মা ও বোনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, নিজের জীবনের পরোয়া না করে গভীর রাতে নদীতে ঝাঁপ দিয়ে এক তরুণীর প্রাণ বাঁচানোয় কনস্টেবল অমিত হাসানের সাহসিকতা ও মানবিকতার ব্যাপক প্রশংসা করছেন স্থানীয়রা। বিপদের মুহূর্তে এমন সাহসী পদক্ষেপ নেওয়ায় তরুণীর পরিবারের সদস্যরাও পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ঘটনাটি প্রমাণ করেছে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের জীবন বাঁচাতেও পুলিশ সদস্যরা কতটা নিবেদিতপ্রাণ।