চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে। ৩৮২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে সকলেই পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। তবে এমন সফলতা অর্জনের ঘটনায় কিছু বিতর্কের তৈরী হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি শিক্ষা বোর্ডের নজরে আসে। উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক সত্যতা যাচাই ও ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রবিবার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশের পর নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্ এর শতভাগ জিপিএ-৫ অর্জনের জন্য নিয়মবহির্ভূত কৌশল অবলম্বনের অভিযোগ উত্থাপিত হয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য, ৯ম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীর তথ্য, এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর তথ্য এবং এসএসসি পরীক্ষায় ফরমপূরণকৃত শিক্ষার্থীর তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র সশরীরে উপস্থিত হয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে উত্থাপিত অভিযোগের কারণ ব্যাখ্যার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছর নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসের ৩৮২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে সকলেই পায় জিপিএ-৫। এরপর থেকেই বিভিন্ন মহলে থেকে অনিয়মের অভিযোগ ওঠে। সেসব তথ্য যাচাই করতেই আগামী ৭ কর্ম দিবসের মধ্যে নোটিশে উল্লেখিত প্রয়োজনীয় কাজপত্র হাজির হয়ে ব্যখ্যা দিতে বলা হয় হয়েছে।
