সংসার, সন্তান আর পেশাগত ব্যস্ততা—সবকিছুর ভিড়েও পড়াশোনার স্বপ্নটা বাঁচিয়ে রেখেছিলেন তিনি। সেই স্বপ্ন পূরণ করে ৪৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের কাঠমিস্ত্রি মো. নাসিমুল হক। রাজশাহী কমার্স কলেজ (ভোকেশনাল) থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি পেয়েছেন জিপিএ-৪.৬২।
নাসিমুল হকের বাড়ি ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের তিলোকী গ্রামে। পেশায় তিনি কাঠমিস্ত্রি। পাশাপাশি ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি।
সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নাসিমুলের সাফল্যের খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও পড়াশোনা চালিয়ে এমন ফল করায় তাকে অভিনন্দন জানান অনেকেই।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে নাসিমুল হক বলেন, সংসার ও কাজের ব্যস্ততার কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। ২০০২ সালে পড়াশোনা ছেড়ে সংসারের হাল ধরতে হয়েছিল তাকে। এরপর দীর্ঘ সময় আর পড়াশোনায় ফেরা সম্ভব হয়নি। তবে মনের ভেতর পড়াশোনার স্বপ্নটা কখনো হারিয়ে যায়নি।
তিনি বলেন, মনের সেই ইচ্ছা থেকেই আবার ভর্তি হয়ে পড়াশোনা শুরু করি। কাজের ফাঁকে সময় বের করে পড়াশোনা করেছি। ফল হাতে পাওয়ার পর মনে হচ্ছে, এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে।
নাসিমুলের এক মেয়ে ও দুই ছেলে। সন্তানদের জন্যও গর্বের উদাহরণ হতে চান তিনি। তার বিশ্বাস, বয়স কখনো শিক্ষার পথে বাধা হতে পারে না। ইচ্ছা ও চেষ্টা থাকলে জীবনের যেকোনো সময়েই নতুন করে পড়াশোনা শুরু করে সফল হওয়া সম্ভব।
এসএসসি পাস করেই থেমে যেতে চান না নাসিমুল। পড়াশোনা আরও চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সুযোগ ও সামর্থ্য থাকলে সামনে আরও পড়তে চাই। আমার সন্তানরাও যেন পড়াশোনায় মনোযোগী হয়, সেটাই চাই।
তিলোকী গ্রামের স্থানীয়রা জানান, নাসিমুল হক দীর্ঘদিন ধরে কাঠমিস্ত্রির কাজ করছেন। কাজের পাশাপাশি সংসারের দায়িত্ব সামলে ৪৫ বছর বয়সে পড়াশোনা করে এসএসসি পাস করা নিঃসন্দেহে প্রশংসনীয়। তার এই সাফল্য এলাকার অন্যদেরও নতুন করে পড়াশোনায় উৎসাহিত করবে বলে মনে করেন তারা।
ভোলাহাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী বলেন, সংসারের দায়িত্ব পালন করেও একজন মানুষ যে ৪৫ বছর বয়সে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন, নাসিমুল হক তার উজ্জ্বল উদাহরণ। তার এই অর্জনে আমরা আনন্দিত।
চাকরির বাজার Jobs and Career Solution