পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা।

শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন।

আটককৃত ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার সকালে কাঁটাতারের ওপাশে একটি চা-বাগানে কাজ করার সময় দীপঙ্কর ভুলবশত বাংলাদেশ অংশে প্রবেশ করলে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।
এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা। তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়স্ক মানুষ, কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে দাবি জানান, তার বাবাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যেন ভারতীয় ওই নাগরিককে হস্তান্তর করা না হয়।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে দ্রুতই বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

Check Also

বাড়িতে ছিলেন না বাবা, রান্নায় ব্যস্ত মা খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে খালের পানিতে ডুবে সাইফা (৩) নামে এক শিশুর …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks