সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থাকে আরও কার্যকর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বিআরটিএ সূত্র জানায়, বর্তমানে কিছু মোটরসাইকেল চালক ইচ্ছাকৃতভাবে নম্বর প্লেটের কয়েকটি সংখ্যা ঢেকে চলাচল করছেন, ফলে এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা অনেক ক্ষেত্রে যানবাহনের পরিচয় সঠিকভাবে শনাক্ত করতে পারছে না। বিশেষ করে মোটরসাইকেলের নম্বর প্লেট শুধু পেছনে থাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সামনের দিক থেকে ধারণ করা ছবিতে যানটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
এ পরিস্থিতি মোকাবিলায় মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে বিআরটিএ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
বিআরটিএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস পর্যন্ত দেশে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এসব মোটরসাইকেলে ধাপে ধাপে সামনের নম্বর প্লেট সংযুক্ত করার প্রক্রিয়া নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চাকরির বাজার Jobs and Career Solution