আবারও মোদির বাসভবনের দিকে পদযাত্রার হুঁশিয়ারি

ই২০ পেট্রোল চালুর তীব্র বিরোধিতা করে আগামী ৪ আগস্ট প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই পদযাত্রার সময় তিনি ই২০ জ্বালানির বিরুদ্ধে দুই লক্ষেরও বেশি মানুষের স্বাক্ষর করা একটি অনলাইন পিটিশনের মুদ্রিত কপি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন বলে জানিয়েছেন।

শনিবার (১ আগস্ট) নয়াদিল্লির কন্সটিটিউশন ক্লাবে আয়োজিত ‘ই-২০ বিরোধী জাতীয় টাউন হল’ অনুষ্ঠানে এই ঘোষণা দেন কেজরিওয়াল। এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন ‘মোদিকে অনুকরণকারী’ হিসেবে পরিচিত কৌতুক অভিনেতা শ্যাম রঙ্গিলা। অনুষ্ঠানে কেজরিওয়াল জানান, কিছুদিন আগে তিনি দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর উদ্দেশে করা একটি আবেদনে স্বাক্ষরের আহ্বান জানিয়েছিলেন, যেখানে ইতোমধ্যে অনলাইনে দুই লক্ষেরও বেশি মানুষ সমর্থন জানিয়েছেন। আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় তিনি এই পিটিশনটি হস্তান্তর করতে যাবেন। তবে এই পদযাত্রায় তিনি বিশাল জনসমাবেশের পরিবর্তে কেবল এমন এমন ১০০ জন ব্যক্তিকে সঙ্গে নেবেন, যারা পুলিশের লাঠিচার্জ বা জেলে যাওয়ার মতো পরিস্থিতিতে ভয় পান না।

ই২০ পেট্রোলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, যদি এই জ্বালানি সত্যিই নিরাপদ হতো, তবে সরকার এ নিয়ে সামনাসামনি বসে আলোচনা করত। একটি উন্মুক্ত আলোচনার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সেখানে দুই পক্ষই নিজ নিজ দাবির সপক্ষে প্রমাণ পেশ করতে পারত। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের এই অভিযোগ ও তৎপরতাকে পুরোপুরি খারিজ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ই২০ জ্বালানি ব্যবহারের কারণে ইঞ্জিনের ক্ষতি হয়েছে বা বিকল হয়ে গেছে এমন অন্তত ১০০টি গাড়ির প্রমাণ কেজরিওয়ালকে আগে জনসমক্ষে তুলে ধরতে হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস