মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাম্প্রতিক আন্দোলন চলাকালীন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও বিকৃত পোস্ট ছড়ানোর অভিযোগ উঠেছে। এই পরিপ্রেক্ষিতে এবার বড়সড় আইনি বিপাকে পড়তে চলেছে মার্ক জাকারবার্গের সংস্থা ‘মেটা’।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে মোদির ছবি-ভিডিও বিকৃত এবং এআই দিয়ে তৈরি কুরুচিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে মামলা করেছে হায়দরাবাদ পুলিশ।

একইসাথে একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অপারেটরের বিরুদ্ধেও মামলা করেছে হায়দরাবাদ সাইবার ক্রাইম শাখা।

সাইবার ক্রাইম পুলিশ সূত্রে জানা গেছে, দুই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এই মামলা করা হয়েছে। অভিযোগকারীরা হলেন ২৯ বছর বয়সী স্থানীয় ব্যবসায়ী এস অরবিন্দ রেড্ডি এবং তেলঙ্গানা বিজেপির সক্রিয় কর্মী টি সাইকিরণ গৌড়।

তাদের অভিযোগ, সম্প্রতি সিজেপির আন্দোলনের সময়ে ইনস্টাগ্রাম ও ফেসবুকে তাদের নজরে আসে একাধিক এআই প্রযুক্তি দিয়ে কৃত্রিমভাবে তৈরি করা কুরুচিকর ভিডিও ও ছবি। যেখানে প্রধানমন্ত্রীকে অত্যন্ত অশালীন, বিভ্রান্তিকর ও অবমাননাকর ভঙ্গিতে তুলে ধরা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘ছবি ও ভিডিওগুলোর নীচে অশালীন ভাষা ও কটূক্তি ব্যবহার করে মন্তব্য করা হয়েছে। এগুলো সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে, সমাজে হিংসা ও গণ-অশান্তি ছড়াতে পারে, সাংবিধানিক পদের অবমাননা করতে পারে এবং দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। এই ধরনের এআই-জেনারেটেড কনটেন্ট ছড়ানো প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন।’

এদিকে, সপ্তাহের শুরুতেই মোদির ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় কেন্দ্র সরকারের সমালোচনার মুখে পড়ে মেটা কর্তৃপক্ষ।

এর পরিপ্রেক্ষিতে মেটা টিম সরকারকে আশ্বস্ত করে বলেছে, ভিআইপি বা ভিভিআইপি অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে অতিরিক্ত পর্যবেক্ষণ ব্যবস্থা বা ‘ওভারসাইট’ চালু করা হচ্ছে।

মেটা সূত্রে জানা গেছে, এখন থেকে প্রধানমন্ত্রী বা ওই স্তরের গণ্যমান্য ব্যক্তিত্বদের অ্যাকাউন্ট সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে মেটার কমপক্ষে দু’জন শীর্ষ কর্মকর্তার অনুমোদনের পর কার্যকর হবে।

সূত্রটির দাবি, চলতি সপ্তাহেই মেটার প্রতিনিধিরা ভারতের সরকারের সাথে বৈঠকে বসবেন। সেখানে কনটেন্ট নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে।

এর আগে, দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন এবং ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট ও ভিডিও অপসারণের নির্দেশ দেয় দিল্লি পুলিশ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম চালিত বেশ কয়েকটি সংবাদমাধ্যমকেও আইনি নোটিশ পাঠিয়েছে দিল্লি পুলিশ।

সূত্র: দ্য ওয়াল