ওয়াশিংটনে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা, যে কারণ জানা যাচ্ছে

চলতি বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রায় ৬ লাখ পুরুষ মশা অবমুক্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ ছড়ানো স্ত্রী মশার বিস্তার থামাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেরিল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘বি সেফ মস্কিটো কন্ট্রোল’ এমন কিছু পুরুষ মশা ছাড়ছে, যেগুলো ‘ওলবাকিয়া’ নামের একটি বন্ধ্যাত্ব সৃষ্টিকারী ব্যাকটেরিয়ায় আক্রান্ত। এই পুরুষ মশাগুলোকে অবমুক্ত করার পর তারা প্রজননের জন্য কামড়ানো স্ত্রী মশাগুলোকে খুঁজে বের করবে। তবে ওলবাকিয়া ব্যাকটেরিয়ার কারণে স্ত্রী মশার দেওয়া ডিমগুলো থেকে কখনোই আর বাচ্চা ফুটবে না। এটি মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।

যেহেতু পুরুষ মশা মানুষকে কামড়ায় না, তাই উপদ্রব নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই।

বি সেফ মস্কিটো কন্ট্রোলের স্বত্বাধিকারী টড মন্টগোমারি সংবাদমাধ্যম ডব্লিউটিওপিকে বলেন, ‘এগুলো যখন স্ত্রী মশার সঙ্গে প্রজনন করে, তখন প্রকৃতপক্ষে স্ত্রী মশাটিও সারা জীবনের জন্য বন্ধ্যা হয়ে যায়।’

মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে এই পদ্ধতি ব্যবহারের উদ্যোগ এটাই প্রথম নয়। এর আগে দক্ষিণ আমেরিকা, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়াতেও এ ধরনের উদ্যোগ সফলতা পেয়েছে।

Check Also

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে এটিভি গাড়ি ও আকাশে ড্রোন

শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks