বিশ্বকাপের পরই এমএলএসের শাস্তির মুখে পড়তে পারেন মেসি

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে তার ক্লাব ক্যারিয়ার। আর্জেন্টিনা যদি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায়, তাহলে আবারও মেজর লিগ সকার (এমএলএস)-এর এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। বোলাভিপ

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১৯ জুলাই। এরপর মাত্র ১০ দিন পর, ২৯ জুলাই অনুষ্ঠিত হবে ২০২৬ এমএলএস অল-স্টার ম্যাচ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে অবস্থিত ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে এবারও নির্বাচিত হয়েছেন মেসি। তবে আর্জেন্টিনা যদি ফাইনালে খেলে, তাহলে দীর্ঘ ও কঠিন টুর্নামেন্ট শেষে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

সেই সিদ্ধান্তই আবার তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এমএলএসের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকলে পরবর্তী লিগ ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়। ফলে মেসি অল-স্টার ম্যাচে না খেললে নিয়ম অনুযায়ী শাস্তির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

এমন পরিস্থিতির মুখে অবশ্য এর আগেও পড়তে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে। গত মৌসুমে ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচে অংশ নেননি মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। পরে এমএলএস কর্তৃপক্ষ তাদের দুজনকেই একটি করে লিগ ম্যাচে নিষিদ্ধ করেছিল। সেই সিদ্ধান্ত নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল।

তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ, বিশ্বকাপের ফাইনাল খেলে ফিরলে বিশ্রামের প্রয়োজনীয়তা স্বাভাবিকভাবেই অনেক বেশি থাকবে। তাই গতবারের মতো কঠোর অবস্থান না নিয়ে এমএলএস কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারে বলেও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত লিগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি।

এবারের অল-স্টার দলে মেসির পাশাপাশি জায়গা পেয়েছেন তার নতুন ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল। এছাড়া ম্যাচটিতে অংশ নেয়ার কথা রয়েছে জার্মান তারকা থমাস মুলার এবং দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন এরও। এমএলএস অল-স্টার একাদশের প্রতিপক্ষ হবে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টার দল।

অন্যদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে এখন কোয়ার্টার ফাইনালের চ্যালেঞ্জ। শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই ম্যাচে জয় পেলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে থাকা মেসি ইতোমধ্যে ৮ গোল করে দলের আক্রমণভাগের মূল ভরসা হয়ে উঠেছেন।

তবে বিশ্বকাপের সাফল্যের পাশাপাশি ক্লাব ফুটবলেও তার উপস্থিতি নিয়ে এখন থেকেই শুরু হয়েছে আলোচনা। আর্জেন্টিনা ফাইনালে উঠলে বিশ্রামকে প্রাধান্য দেবেন, নাকি এমএলএস অল-স্টার ম্যাচে খেলতে মাঠে নামবেন এ প্রশ্নের উত্তর মিলবে বিশ্বকাপের শেষ পর্বের পরই।

Check Also

অভিযোগের ‘সত্যতা’ মেলায় পদ হারালেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks