কুড়াল ও রাসায়নিক দিয়ে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল সামরিক বিমান ধ্বংস

আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে ঢুকে কুড়াল, রাসায়নিক পদার্থ ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ৬ কোটি ডলারের একটি সামরিক বিমানের ব্যাপক ক্ষতিসাধনের অভিযোগে ৪৮ বছর বয়সী এক আইরিশ নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে প্রকাশ করা অভিযোগপত্রে ডেইথি ও’করিন ওরফে ডেভিড কারানের বিরুদ্ধে মার্কিন সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন আইনজীবীদের দাবি, চলতি বছরের ১১ এপ্রিল ভোর ৪টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করেন ও’করিন। এরপর রানওয়ের ট্যাক্সিওয়েতে রাখা যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডের একটি সি-১৩০ হারকিউলিস বিমানে ওঠেন তিনি। বিমানটি একটি সামরিক অভিযানের অংশ হিসেবে অন্য একটি দেশে যাওয়ার পথে ছিল।

আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, বিমানে প্রবেশের জন্য তিনি এর লকিং ব্যবস্থা ধ্বংস করেন এবং ভেতরে নিজেকে অবরুদ্ধ করে ফেলেন। দরজাগুলো খোলা বা বন্ধ করা ঠেকাতে সেগুলোতে বেল্ট, ধাতব স্ট্র্যাপ ও স্ক্রু ব্যবহার করেন। পাশাপাশি দরজার চলাচলের পথে ইপোক্সির সঙ্গে মেশানো ধাতব বল ঢুকিয়ে দেন।

পরবর্তী কয়েক ঘণ্টায় তিনি বিমানটির একাধিক তারের গুচ্ছ ও হাইড্রোলিক লাইন কেটে দেন। তরল অক্সিজেনের একটি লাইন চেপে বিকৃত করেন, বাতাস চলাচলের নালি ফুটো করেন এবং ককপিটের সব কটি পরিমাপক যন্ত্র ভেঙে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কুড়াল দিয়ে বিমানটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত করেন তিনি। জ্বালানির ট্যাংকে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও বস্তু, এমনকি বল বিয়ারিংও ঢেলে দেন বলে অভিযোগ রয়েছে।

মার্কিন আইনজীবীদের দাবি, হামলার ফলে বিমানটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে এবং আর সক্রিয়ভাবে উড্ডয়ন কার্যক্রমে ফিরবে না। এর আনুমানিক মূল্য ছিল ৬ কোটি ডলার।

কয়েক মাস ধরে হামলার প্রস্তুতির অভিযোগ
আইনজীবীরা বলছেন, ও’করিন কয়েক মাস ধরে বিমানটি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং হামলার পরিকল্পনা করেছিলেন। সি-১৩০ বিমানের নির্মাণকাঠামো এবং শনাক্ত না হয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশে সহায়ক হতে পারে- এমন স্থানাঙ্কের তথ্য তিনি অনলাইনে খুঁজেছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।

এ ছাড়া সামরিক বিমানসহ বিভিন্ন বিমানের অবস্থান সরাসরি অনুসরণের সুবিধা রয়েছে- এমন একটি মুঠোফোন অ্যাপের গ্রাহক হন তিনি। পাশাপাশি তিনি গ্যালিয়ামের ক্যাপসুলও অর্ডার করেছিলেন। গ্যালিয়াম এমন একটি রাসায়নিক পদার্থ, যা ইস্পাতের ক্ষয় ঘটাতে এবং অ্যালুমিনিয়ামের কাঠামো ভেঙে ফেলতে পারে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, শ্যানন বিমানবন্দরে এর আগে নিরাপত্তাবেষ্টনী ভাঙার ঘটনায় জড়িত ছিলেন- এমন একজনের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছিলেন ও’করিন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) নিউইয়র্ক কার্যালয়ের প্রধান জেমস বার্নাকল এক বিবৃতিতে বলেন, ‘এটি আকস্মিক কোনো ভাঙচুরের ঘটনা ছিল না।’

বিবিসির তথ্য অনুযায়ী, এফবিআই কর্মকর্তারা বলেছেন, ও’করিন ক্ষতিসাধনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে নিতে প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণ সংগ্রহ করেছিলেন। তবে একটি নির্দিষ্ট লাইন কাটেননি তিনি, কারণ এতে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারত বলে অভিযোগ করেছেন আইনজীবীরা।

অভিযোগপত্র অনুযায়ী, বিমানটির বিশ্রাম শেষে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দরে ফিরে আসেন। এ সময় ককপিটের সামনের খোলা কাচের মধ্য দিয়ে তারা ও’করিন দেখতে পান। পরে নিরাপত্তাকর্মীদের খবর দেন তারা। ক্রু সদস্যরা এরপর দেখতে পান, বিমানের ছাদের একটি জরুরি পথ দিয়ে বেরিয়ে এসে বাইরের অংশে কুড়াল দিয়ে আঘাত করছেন ও’করিন।

অভিযোগপত্রের সঙ্গে যুক্ত ছবিতে বিমানের ওপর একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকেই আয়ারল্যান্ডের পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করে। সেখানে তার বিরুদ্ধে সম্পত্তির ক্ষতিসাধন ও অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়।

যুক্তরাষ্ট্রের হেফাজতে নেই অভিযুক্ত
ও’করিন বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে নেই। নতুন অভিযোগে আদালতে হাজিরার তারিখও নির্ধারণ করা হয়নি। অভিযোগপত্রে বলা হয়েছে, তাকে নিউইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলায় নিয়ে গিয়ে গ্রেপ্তার করার কথা রয়েছে। অনলাইনে প্রকাশিত আদালতের নথিতে তার পক্ষে কথা বলার মতো কোনো আইনজীবীর নামও উল্লেখ নেই।

ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেছেন, এই অভিযোগপত্রের মাধ্যমে ‘একটি স্পষ্ট ও শক্তিশালী বার্তা’ দেয়া হয়েছে যে, মার্কিন সামরিক সম্পদে হামলা সহ্য করা হবে না। এ ধরনের হামলা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেন তিনি। এফবিআই জানিয়েছে, এই হামলার কারণে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান ঝুঁকির মুখে পড়েছিল।

অন্যদিকে, ও’করিনের সমর্থকেরা তাকে স্বাধীনচেতা শান্তিকর্মী হিসেবে বর্ণনা করেছেন। তার বন্ধু ও সহযোদ্ধা পরিচয় দেয়া কয়েকজনের উদ্যোগে চালু করা একটি অনলাইন তহবিল সংগ্রহের প্রচারণায় বলা হয়েছে, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিবাদে তিনি বিমানটির ক্ষতিসাধন করেছেন।

পশ্চিম আয়ারল্যান্ডে অবস্থিত শ্যানন বিমানবন্দরটি একটি আন্তর্জাতিক প্রবেশদ্বার এবং মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ড সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার বিমান এয়ার ফোর্স ওয়ানও এই বিমানবন্দর ব্যবহার করেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে বিমানবন্দরটিতে একাধিকবার নিরাপত্তাবেষ্টনী ভাঙার ঘটনা ঘটেছে। বিবিসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে তিনজন একটি ভ্যান নিয়ে বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করেন। একই মাসে আরেক ঘটনায় তিনজনের বিরুদ্ধে একটি মার্কিন সামরিক বিমানে স্প্রে রং দিয়ে ছবি আঁকার অভিযোগ ওঠে। এতে বিমানটি সাময়িকভাবে অচল হয়ে পড়ে।

Check Also

আগুনে পুড়ে ছাই বাড়ি, লুটপাটের চিহ্ন গোপালগঞ্জের এমপি জিলানীর বাড়িতে

আগুনে পুড়ে যাওয়া ঘরের মেঝেতে তখনো জ্বলছিল আগুন। চারদিকে ছড়িয়ে ছিল পোড়া আসবাব, ট্রাঙ্ক, স্যুটকেস …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks