বিশ্বে প্রথম ‘সোনায় মোড়ানো’ রাস্তা তৈরি হচ্ছে দুবাইয়ে

পর্যটকদের আকৃষ্ট করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির দুবাই শহরে তৈরি হচ্ছে ২৪ ক্যারেট খাঁটি স্বর্ণে নির্মিত বিশেষ হাঁটার পথ। চলতি বছরের শেষ নাগাদ এটি চালু হওয়ার কথা রয়েছে। আয়োজকদের দাবি, এটিই হবে বিশ্বের প্রথম ও দীর্ঘতম সোনার হাঁটার পথ।

গালফ টুডের এক প্রতিবেদনে বলা হয়, আগামী এক মাসের মধ্যে আকর্ষণীয় এই পথটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হতে পারে। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রশিদ আল হারমুদি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দর্শনার্থীরা এই পথে হাঁটার মাধ্যমে স্বর্ণের এক অনন্য অভিজ্ঞতা নিতে পারবেন। একই সঙ্গে প্রকল্পটি বিশ্বব্যাপী স্বর্ণ ব্যবসা ও পর্যটনকেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থান আরও শক্তিশালী করবে।

দুবাইয়ের দেইরা এলাকায় অবস্থিত গোল্ড ডিস্ট্রিক্ট ২০২৬ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে। স্বর্ণ, গয়না, বুলিয়ন, পাইকারি ব্যবসা ও বিনিয়োগকে একই জায়গায় নিয়ে আসার পরিকল্পনা থেকে গড়ে তোলা হয়েছে এই বাণিজ্যিক কেন্দ্র।

দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলাটিতে স্বর্ণ, গয়না, সুগন্ধি, প্রসাধনী ও লাইফস্টাইল পণ্যের এক হাজারের বেশি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্বর্ণ ও জুয়েলারি বাণিজ্য প্রদর্শনী আয়োজনের পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বাড়ানো হচ্ছে অফিস ও খুচরা বিক্রয়কেন্দ্রের জায়গা।

রশিদ আল হারমুদি বলেন, চলতি বছরের শুরু থেকে জেলাটিতে নতুন পাইকারি স্বর্ণ ব্যবসার অফিস চালুর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। পাশাপাশি স্বর্ণ, গহনা, মূল্যবান পাথর ও বিলাসবহুল ঘড়ির নতুন দোকানের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ।

আগামী এক বছরে গোল্ড ডিস্ট্রিক্টে নতুন প্রতিষ্ঠানের সংখ্যা আরও ১০ থেকে ২০ শতাংশ বাড়বে বলে আশা করছেন তিনি। সংশ্লিষ্টদের ধারণা, ২৪ ক্যারেট সোনার হাঁটার পথ চালু হলে পর্যটকদের আগ্রহ বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে দুবাইয়ের স্বর্ণ বাণিজ্যের পরিচিতিও আরও বিস্তৃত হবে।

Check Also

তালাকের পর প্রেমিকের সঙ্গে সেই কিশোরীর বিয়ে

বিয়ের পাঁচ মাস ১৩ দিনের মাথায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় আলোচনায় আসা সেই কিশোরীকে বিয়ে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks