জর্ডানে মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা

জর্ডানের জর্ডান ভ্যালির দাইর আল্লা অঞ্চলে অবস্থিত আবু ওবাইদা মসজিদটি চারপাশের রুক্ষ ও শুষ্ক পাহাড়ের মাঝে এক টুকরো সবুজ মরূদ্যান হয়ে দাঁড়িয়ে আছে।
জর্ডান এমন একটি দেশ যেখানে তীব্র পানিসংকট রয়েছে। অথচ এই মসজিদ প্রাঙ্গণ গাছপালা আর ফুলে ফুলে ভরা। অবাক করার বিষয় হলো, এসব গাছপালায় পানি দেয়ার জন্য সরকারি কোনো পানির লাইন ব্যবহার করা হয় না। বরং মুসল্লিরা নামাজের আগে ওজুর জন্য যে পানি ব্যবহার করেন, সেটাই কাজে লাগানো হয় সেচের জন্য।

মসজিদের ওজুখানা থেকে ব্যবহৃত পানি সরাসরি নর্দমায় না ফেলে, তা পাইপের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর সেই পানি শোধন করে গাছের গোড়ায় ড্রিপ ইরিগেশন বা বিন্দু সেচ পদ্ধতিতে দেয়া হয়। জর্ডানে মাথাপিছু নবায়নযোগ্য মিঠা পানির পরিমাণ বছরে মাত্র ৬১ ঘনমিটার, যা জাতিসংঘের চরম পানিসংকট সীমার (৫০০ ঘনমিটার) আট ভাগের এক ভাগেরও কম। এমন পরিস্থিতিতে পানির প্রতিটি ফোঁটাই তাদের কাছে অনেক মূল্যবান।

আবু ওবাইদা মসজিদে এই পানি সংরক্ষণ ও শোধন ব্যবস্থাটি পরিচালনা করে জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন (জ্যাকা)। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রওসান বলেন, ‘এখানকার মানুষ পানিসংকটের বিষয়টি খুব ভালো বোঝে, কারণ তারা প্রতিদিনই এই বাস্তবতার মধ্য দিয়ে যায়। আমরা এটাই দেখাতে চেয়েছি যে, মসজিদ যেখান থেকে ধর্মীয় মূল্যবোধ হিসেবে পানি সংরক্ষণের শিক্ষা দেয়া হয়, সেখানে বাস্তবেও তা প্রয়োগ করা সম্ভব।’

জর্ডানের জনসংখ্যা ১ কোটি ১৩ লাখ, যার প্রায় ১ কোটি ১০ লাখই মুসলিম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে তাদের ওজু করতে হয়। দেশটিতে সরকারিভাবে রেশনিং করে পানি সরবরাহ করা হয়, কোনো কোনো এলাকায় সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পানি থাকে। ফলে এখানকার মানুষের পানির জন্য ছাদে রাখা ট্যাঙ্কের ওপরই নির্ভর করতে হয়।
২০২৫ সালের এক গবেষণা অনুযায়ী, সারা বিশ্বে প্রায় ৩৬ লাখ মসজিদে প্রতি বছর ওজুর কাজে আনুমানিক ২ কোটি ২৫ লাখ ঘনমিটার পানি ব্যবহৃত হয়। আর জর্ডানের ধর্ম মন্ত্রণালয় আওকাফ-এর তথ্যমতে, দেশটিতে ৭ হাজার ৬০০টিরও বেশি মসজিদ রয়েছে।

জ্যাকা ২০০৮ সাল থেকে এই বিষয়টি নিয়ে কাজ করছে। আবু ওবাইদা মসজিদের ওজুখানার নিচে বসানো পাইপের মাধ্যমে ব্যবহৃত পানি একটি ট্রিটমেন্ট বা শোধনাগারে নেয়া হয়। সেখানে পরিষ্কার ও ফিল্টার করার পর সেই পানি বাইরের বাগানে গাছপালায় দেয়া হয়। তা না হলে এই গাছগুলো বাঁচাতে সরকারি পানির ওপর নির্ভর করতে হতো।
আল-রওসান জানান, ‘ওজুর সময় সাধারণত সাবান ব্যবহার করা হয় না, তাই এই পানিতে কোনো রাসায়নিক থাকে না, যা শোধন প্রক্রিয়াকে জটিল করবে। প্রাকৃতিকভাবেই এই পানি শোধন করা সম্ভব- নুড়ি পাথর ও বালুর পাঁচটি স্তরের মধ্য দিয়ে প্রবাহিত করলেই পানি সেচের উপযোগী হয়ে যায়।’

মসজিদের পাথরের দেয়ালে একটি সাদা সাইনবোর্ড ঝোলানো আছে। সেখানে লেখা রয়েছে যে, এই প্রকল্পের মূল লক্ষ্য পানি সংরক্ষণ এবং মসজিদের পরিবেশ উন্নত করা। এই প্রকল্পে প্রধান অংশীদার হিসেবে আওকাফ মন্ত্রণালয়ের লোগোও যুক্ত রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Check Also

বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেন। অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks