বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৬ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের কোথাও জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে জমাদিউস সানি মাসের গণনা শুরু হয়েছে।
হিজরি সনের ষষ্ঠ মাস হলো জমাদিউস সানি। এই মাসের পর শুরু হবে সপ্তম মাস পবিত্র রজব। এরপর অষ্টম মাস শাবান পেরিয়ে শুরু হবে মুসলিম উম্মাহর বহুল প্রতীক্ষিত নবম মাস পবিত্র মাহে রমজান।
চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, হিজরি বর্ষপঞ্জির প্রতিটি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। সে হিসাবে জমাদিউস সানি মাসের শুরু থেকে রমজান মাসের আগমন পর্যন্ত আনুমানিক ৮৯ থেকে ৯০ দিন সময় লাগতে পারে।জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের প্রথম রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রমজান শুরু হয়।
সেই হিসাবে বাংলাদেশে আগামী ১ অথবা ২ মার্চ পবিত্র মাহে রমজান শুরু হতে পারে।তবে রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ এখনো চূড়ান্ত নয়। ইসলামি বিধান ও প্রচলিত নিয়ম অনুযায়ী, চাঁদ দেখার ওপরই রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।
এ বিষয়ে যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে পবিত্র রমজান মাস শুরুর আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে।