আমিরাত থেকে আসা যাত্রীর পায়ুপথে মিলল ৩ ‘স্বর্ণের ডিম’

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীর পায়ুপথ থেকে বিশেষভাবে লুকানো তিনটি ‘ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট’ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম। কাস্টমসের হিসাবে, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯ ৫১৮ ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে—এমন তথ্যের পর বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি শুরু করে প্রিভেন্টিভ টিম। ইমিগ্রেশন শেষ করে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসার পর আরমান উদ্দিন সিদ্দিক নামে ওই যাত্রীকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে তার পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট পাওয়া যায়। প্রতিটি ডিম্বাকৃতির পেস্টের ওজন ৪৩০ গ্রাম করে মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পেস্ট পরিশোধন করলে আনুমানিক এক কেজি স্বর্ণ পাওয়া যাবে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Check Also

গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে

গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামকে ফের তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গুপ্তচরবৃত্তির অভিযোগে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks