উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা

অভিনয়ের মঞ্চ থেকে এবার সরাসরি প্রশাসনিক দায়িত্বে অভিনেতা মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

তবে এই নিয়োগ সাধারণ কোনো উপদেষ্টা পদে নয়। ক্যাবিনেট মন্ত্রীর (পূর্ণমন্ত্রী) মর্যাদায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের আইএএস সেল থেকে জারি করা বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপালের অনুমোদন নিয়ে তাকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মিঠুন চক্রবর্তীর দীর্ঘ অভিনয় জীবন রয়েছে। অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সক্রিয় রাজনীতিতেও তার উপস্থিতি দেখা গেছে।

এবার সরকারি কাঠামোর মধ্যেই আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন তিনি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে তার নতুন ভূমিকা যুক্ত হওয়ায় প্রশাসনিক মহলেও এ নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের বিষয়টিও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরসহ একাধিক জায়গায় বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে।

এখন থেকে শুধু সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ হিসেবে নয়, রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবেও নতুন ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।

Check Also

টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াংকা

ভোটার তালিকা সংশোধন ইস্যু এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks