সিএমএম আদালত থেকে হাতকড়া খুলে ফের পালাল আসামি শরিফুল

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতকড়া খুলে শরিফুল ইসলাম নামের এক বিচারাধীন আসামি পালিয়ে গেছেন। এর আগেও গত বছরের জুনে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে পুলিশকে মারধর করে পালিয়ে গিয়েছিলেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার পথে কৌশলে হাতকড়া খুলে চম্পট দেন ওই আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, কোতোয়ালি থানার একটি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকায় আসামি শরিফুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল। হাজিরা শেষে নেওয়ার পথে তিনি হাতকড়া খুলে পালিয়ে যান।

২০২৫ সালের জুনে ঢাকা মহানগর দায়রা জজ আদালত পালিয়ে গিয়েছিলে শরিফুল। সিসিটিভি থেকে সংগৃহীত

আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ১৯ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাজতখানায় নেওয়ার পথে দায়িত্বরত পুলিশ সদস্যদের আঘাত ও মারধর করে হাতকড়া খুলে প্রথম দফায় পালিয়ে যান শরিফুল ইসলাম। ওই ঘটনার দিনই তৎকালীন হাজতখানার ইনচার্জ মো. রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরবর্তীতে গ্রেপ্তার হওয়া শরিফুলকে আজ সেই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে তোলা হয়। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় আজ সাক্ষ্যগ্রহণ হয়নি। শুনানি শেষে ডিএমপির প্রসিকিউশন বিভাগের কনস্টেবল আব্দুল আলিম তাকে এজলাস থেকে হাজতখানার দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি অতর্কিতে ও অত্যন্ত কৌশলে হাতকড়া খুলে আদালত চত্বর থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার পর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।

Check Also

ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে গুমের মামলায় লড়তে আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks