জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সঠিক মাপ নিরূপণে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মাপে কারচুপি ও পরিমাণে কম দেওয়ায় দুটি ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়।
এসময় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বিমানবন্দর সংলগ্ন কামিনি ফিলিং স্টেশনে ২০ হাজার টাকা ও বরিশাল নগরীর গড়িয়ারপার এলাকায় সারা ফিলিং স্টেশনে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাপে কম দেওয়ার অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এসময় সারা ফিলিং স্টেশনের ম্যানেজার জয়কে মেশিন ঠিক করার জন্য সময়সীমা বেধে দেওয়া ও কামিনি ফিলিং স্টেশনের ম্যানেজার সোহেলকে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, বিএসটিআইয়ের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, পরিদর্শক আলামিন সরকার ও মেট্রোপলিটন পুলিশের টিম উপস্থিত ছিল।
