চলতি মাসেই আসছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

চলতি মাসেই বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ সিরিজ ‘শাওমি ১৮ প্রো’ উন্মোচনের আনুষ্ঠানিক টিজার প্রকাশ করেছে শাওমি। এই সিরিজের আওতায় শাওমি ১৮ প্রো এবং শাওমি ১৮ প্রো ম্যাক্স বাজারে আনার কথা থাকলেও লঞ্চের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এরই মধ্যে অনলাইনের জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম ‘গিকবেঞ্চ ৭’-এ শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরসহ ধরা পড়ল আসন্ন শাওমি ১৮ প্রো।

গিকবেঞ্চের তথ্যভাণ্ডারে ডিভাইসটির মডেল নম্বর হিসেবে ‘M154FF’ দেখা গেছে। সাধারণত শাওমি তাদের স্মার্টফোনের মডেল নম্বরের শুরুতে বছর ও মাসের কোড ব্যবহার করে থাকে। ফলে এই সম্পূর্ণ নতুন কাঠামোর মডেল নম্বরটি প্রযুক্তি সবার মাঝে বেশ কৌতূহল তৈরি করেছে।

লিস্টিং থেকে জানা যায়, ফোনটিতে কোয়ালকমের এখনও অপ্রকাশিত ফ্ল্যাগশিপ চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ প্রো’ (Snapdragon 8 Elite Gen 6 Pro SoC) ব্যবহার করা হয়েছে। এই চিপসেটের প্রসেসর কোর সর্বোচ্চ ৫.০১ গিগাহার্টজ পর্যন্ত ক্লকস্পিড তুলতে সক্ষম। গিকবেঞ্চ ৭-এর প্রাথমিক পরীক্ষায় প্রোটোটাইপ ইউনিটটি সিঙ্গেল-কোর টেস্টে ২,৮৭১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৮,৮৩৬ পয়েন্ট অর্জন করেছে। পরীক্ষামূলক মডেল হওয়ায় সফটওয়্যার ও হার্ডওয়্যারের চূড়ান্ত অপটিমাইজেশনের পর বাণিজ্যিক সংস্করণে এই স্কোর আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

বেঞ্চমার্কে অংশ নেওয়া প্রোটোটাইপটিতে রয়েছে ১৬ জিবি র‍্যাম। অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে দেখা মিলেছে অ্যান্ড্রয়েড ১৭-এর, যা শাওমির নিজস্ব নতুন কাস্টম স্কিন ‘হাইপারওএস ৪’ এ পরিচালিত হবে।

এছাড়া বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সার্টিফিকেশন থেকে আগেই জানা গেছে, শাওমি ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স উভয় ফোনেই অত্যন্ত দ্রুতগতির ১০০ ওয়াটের ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন থাকবে। চলতি মাসের শেষ নাগাদ চীনা বাজারে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়েই ফোনগুলোর পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন ও মূল্য নিশ্চিত করবে শাওমি।