ফ্রিজের ভেতরে কাটা মাথা ও আঙুল, গৃহবধূ হত্যায় প্রধান সন্দেহভাজন স্বামী

ভারতের আসাম রাজ্যে গুয়াহাটির হাতিগাঁও এলাকার একটি বাসভবন থেকে কাটা মাথা ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ২৫ বছর বয়সী এই নারীর নাম রিয়া তালুকদার। তিনি গুয়াহাটির নুনমাটির বাসিন্দা ছিলেন। নৃশংস এই হত্যাকাণ্ডে রিয়ার স্বামী রামানুজন গোস্বামীকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধারণা করছে পুলিশ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার রিয়া ও রামানুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ওই দিন রাত ৮টার দিকে রামানুজন ঘর থেকে বের হয়ে যান। ধারণা করা হচ্ছে, লাশ উদ্ধারের ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে এই হত্যাকাণ্ড ঘটেছে।

গত মঙ্গলবার ওই বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তল্লাশির একপর্যায়ে রিয়ার খণ্ডিত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্য মতে, ঘাতকরা তার মাথা কেটে একটি কালো পলিথিনের ব্যাগে ভরে ফ্রিজের ভেতর রেখে দিয়েছিল। এ ছাড়া তার আঙুলগুলোও কেটে ফেলা হয়েছিল।

নিহত রিয়া শহরের ফ্যান্সি বাজারের এসি মার্কেট এলাকার একটি বুটিকে কাজ করতেন। তার বাবা-মা বেঁচে নেই, পরিবারে কেবল একমাত্র ভাই রয়েছেন। রিয়ার লাশটি ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে (জিএমসিএইচ) পাঠানো হয়েছে।

ঝগড়ার পর বাড়ি ছেড়ে যাওয়া স্বামী রামানুজনের অবস্থান চিহ্নিত কিংবা তাকে আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানতে রিয়ার পরিজন ও পরিচিতদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার পেছনে জড়িতদের শনাক্তে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।