১০ টাকায় ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে পার্সেল, জানুন বিস্তারিত

অনলাইনে পণ্য কেনাবেচা ও ব্যক্তিগত প্রয়োজনে কম খরচে দ্রুত পার্সেল পাঠানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ সেবা। এ সেবায় দেশের যেকোনো প্রান্তে প্রথম ১ কেজি পার্সেল পাঠাতে খরচ মাত্র ১০ টাকা। অতিরিক্ত প্রতি কেজির জন্য দিতে হবে ৫ টাকা। একটি পার্সেলের সর্বোচ্চ ওজন ৩০ কেজি।

ডাক বিভাগের তথ্য অনুযায়ী, জেলা শহর থেকে ঢাকায় পার্সেল সর্বোচ্চ ২৪ ঘণ্টায় এবং এক জেলা শহর থেকে অন্য জেলা শহরে সর্বোচ্চ ৪৮ ঘণ্টায় পৌঁছানোর কথা। প্রত্যন্ত বা দুর্গম এলাকায় সময় লাগতে পারে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা।

স্পিডপোস্টে শুকনা খাবার, মধু, তেলসহ বিভিন্ন পণ্য পাঠানো যাচ্ছে। পার্সেল বুকিং করা যাবে দেশের সব জিপিও, প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, টাউন সাব-পোস্ট অফিস, সাব-পোস্ট অফিস, আরএমএস বুকিং কাউন্টার ও ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস থেকে।

যেভাবে পার্সেল পাঠাবেন
নিকটস্থ ডাকঘরে গিয়ে পণ্য নিরাপদভাবে প্যাকেজিং করে প্রাপক ও গন্তব্যের ঠিকানা লিখে নির্ধারিত মাশুল পরিশোধ করতে হবে। প্রেরিত পার্সেলটি কোথায় আছে, তা সহজেই ট্র্যাক করা যায়। বুকিংয়ের পর ট্র্যাকিং নম্বরসহ রসিদ দেওয়া হবে। এই নম্বর ব্যবহার করে পার্সেলের অবস্থান অনলাইনে জানা যাবে। বুকিংয়ের আগে সম্ভাব্য খরচ হিসাব করার জন্য রয়েছে অনলাইন ক্যালকুলেটরও

ডাক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার স্পিডপোস্টের বুকিং ও ইস্যু কার্যক্রম বন্ধ থাকে। রাজধানীতে ঢাকা জিপিওসহ ২১টি সাব-পোস্ট অফিসে সরাসরি পার্সেল ডেলিভারি নেয়ার ব্যবস্থা রয়েছে।

পার্সেল সেবা ও অন্যান্য তথ্য ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (www.bdpost.gov.bd) পাওয়া যাবে। ফেসবুক পেজেও নানা তথ্য দিয়ে সহযোগিতা করা হয়।