ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে ধসে পড়েছে ছয়তলা একটি ভবন। স্থানীয় বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, ধসে পড়া ওই ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে অনেক শিক্ষার্থী মোবাইল ফোনে কল করছেন। ভেতরে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত ‘হোস্টেল ডেজ’ নামের ভবনটি কলেজ শিক্ষার্থীদের জন্য পেয়িং গেস্ট বা পিজি হিসেবে ব্যবহৃত হতো।
পুলিশ জানিয়েছে, ভবনটির বেসমেন্টে নির্মাণকাজ চলছিল। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ ভবনটি ধসে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, দমকল বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। উদ্ধারকাজে অংশ নিয়েছে অন্তত ১২টি ফায়ার ইঞ্জিন ও এক্সকাভেটর।
আহতদের উদ্ধার করে দ্রুত এইমস ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা গুরুতর।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আশিস সুদ এই মর্মান্তিক দুর্ঘটনার পর সার্বিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন। আটকেপড়াদের নিরাপদে উদ্ধার করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি
